চ্যানেল হিন্দুস্তান ব্যুরো
বেশ কয়েকদিন ধরেই দেশে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা দুই থেকে আড়াই হাজারের মধ্যেই ঘোরাফেরা করছিল।
বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে চমকে দেওয়ার মতো মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। যা একদিনে মৃত্যুর সংখ্যার হিসাবে এখনো পর্যন্ত সর্বাধিক। কেন্দ্রীয় তথ্য বলছে, গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ১৪৮ জনের। যদিও এই মৃত্যুর সংখ্যা বৃদ্ধির নেপথ্যে রয়েছে বিহার সরকার।
বিহারে করোনায় মৃতের তালিকা সংশোধন করায় তাতে ওই রাজ্যে মৃত্যুর সংখ্যা প্রায় ৭২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তার জেরেই এদিন মৃত্যুর সংখ্যা এতটা ঊর্ধ্বমুখী হয়েছে। এদিন সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৯৪ হাজার ৫২জন।
যা গতকালের থেকে বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। এর ফলে এখনো পর্যন্ত দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৯১ লক্ষ ৮৩ হাজার ১২১ জন। দেশে এখনো পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লক্ষ ৫৯ হাজার ৬৭৬ জন।
এদিনও আক্রান্তের তুলনায় সুস্থতার হার বেশি হওয়ায় ৫৫ হাজারের কাছাকাছি সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমেছে। ফলে দেশে এই মুহূর্তে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে হয়েছে ১১ লক্ষ ৬৭ হাজার ৯৫২ জন। শুধু গত ২৪ ঘন্টায় করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৫১ হাজার ৩৬৭ জন। দেশে এখনো পর্যন্ত টিকাকরণ হয়েছে ২৩ কোটি ৯০ লক্ষ ৫৮ হাজার ৩৬০ জনের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news