চ্যানেল হিন্দুস্তান ব্যুরো
বিশ্বকোষবিদ ও পশ্চিমবঙ্গের নিরক্ষরতা দূরীকরণ আন্দোলনের অন্যতম পুরোধা পার্থ সেনগুপ্ত আজ (১০. ০৬.২১) ভোর ৪টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জন্ম – ১৯৪০ সালের ১লা জুন, কলকাতায়। ষাটের দশকের বামপন্থী ছাত্র আন্দোলনের সাথে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। প্রথমে স্কটিশ চার্চ কলেজ ও পরে বিদ্যাসাগর কলেজের ছাত্র ছিলেন। বিদ্যাসাগর কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
বঙ্গীয় প্রাদেশিক ছাত্র ফেডারেশনের কলকাতা জেলা কমিটির সম্পাদকের দায়িত্বও পালন করেন। পরবর্তীতে কালান্তর পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন সম্পাদনা বিভাগে। ষাটের দশকের শেষের দিকে যুক্ত হন নিরক্ষরতা দূরীকরণ আন্দোলনের সাথে। আরও কয়েকজনকে সাথে নিয়ে প্রতিষ্ঠা করেন নিরক্ষরতা দূরীকরণ সমিতি। এই প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ছিলেন শুরু থেকেই।
সাক্ষরতার আন্দোলনের একজন প্রথম সারির ব্যক্তিত্ব হিসাবে পরিচিত ছিলেন, পূর্ব ইউরোপের বিভিন্ন দেশ ও সোভিয়েত ইউনিয়নে বেশ কয়েকটি আন্তর্জাতিক সন্মেলনে অংশগ্রহণ করেন সাক্ষরতা আন্দোলনের একজন বিশেষজ্ঞ হিসেবে। প্রতিষ্ঠা করেন সাক্ষরতা প্রকাশন, যা সত্তর-আশির দশকে বিভিন্ন গ্রন্থের সুলভ মূল্যে প্রকাশের বিষয়ে একটি উদাহরণ হয়ে ওঠে।
এরপর বিশ্বকোষ পরিষদ গঠনের কাজে সামিল হন বেশ কয়েকজন বিশিষ্ট শিক্ষাবিদকে সাথে নিয়ে, এই প্রতিষ্ঠানটি বাংলায় ২৪ খণ্ডের বিশ্বকোষ প্রকাশনার উদ্যোগ নেয়। প্রায় দশ হাজারের কাছাকাছি বিষয় নিয়ে তৈরি এই বিশ্বকোষ স্বাধীন ভারতের কোনও দেশীয় ভাষায় বিশ্বকোষ প্রকাশনার নিরিখেও একটি উদাহরণ হয়ে আছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news