নীল রায়।
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) কাছে চিঠি লিখে উপ নির্বাচনে তৃণমূলকে খড়গপুর সদর (Kharagpur Sadar) আসন ছেড়ে দেওয়ার আবেদন জানিয়ে রাজ্য রাজনীতিতে হৈচৈ ফেলে দিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান (Abdul Mannan)। গত ২৫ অক্টোবর দিল্লিতে তিনি চিঠিটি পাঠিয়েছেন সোনিয়া গান্ধীর বাসভবনে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোট করে তৃণমূলকে হারাতে কোমর বেঁধেছিলেন আবদুল মান্নান। এখনও সিপিএম (CPM) তথা বাম শিবিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের বিরোধিতায় তাঁর গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। কিন্তু সেই মান্নান সাহেব কংগ্রেস সভানেত্রীকে আচমকাই তৃণমূলকে উপনির্বাচনে আসন ছেড়ে দেওয়ার আবেদন জানানোয় প্রশ্ন উঠছে বাম-কংগ্রেস জোটের ভবিষ্যৎ নিয়ে।
সভানেত্রীকে চিঠি পাঠানো প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি আব্দুল মান্নান। বিরোধী দলনেতার ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, রাজ্যে বিজেপির বাড়বাড়ন্ত আটকাতেই নাকি সোনিয়া গান্ধীর কাছে এমন দরবার করেছেন তিনি। মান্নান ঘনিষ্ঠদের যুক্তি, খড়গপুর সদর আসনটি যেহেতু বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ছেড়ে যাওয়া। তাই এই আসনটিকেই টার্গেট করুন কংগ্রেস-তৃণমূল দু’পক্ষই। খড়গপুর সদর আসনে বিজেপিকে রুখতে পারলে রাজ্যে বিজেপির উত্থান অনেকটাই রুখে দেওয়া যাবে। কারণ সভাপতির ছেড়ে যাওয়া আসন যদি বিজেপির হাতছাড়া হয় তাহলে সাংগঠনিকভাবেও বিজেপিকে মুখ থুবড়ে পড়তে হবে বলেই মনে করছেন মান্নান।
অথচ রাজ্যের তিন উপনির্বাচন নিয়ে বাম-কংগ্রেসের (Congress) মধ্যে জোট প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। করিমপুর আসনে যেমন প্রার্থী দেবে সিপিএম। তেমনই খড়গপুর সদর ও কালিয়াগঞ্জে প্রার্থী দেওয়ার ব্যাপারে চূড়ান্ত করেছে কংগ্রেস। বিষয়টি প্রকাশ্য ঘোষণা না হওয়ায় সম্প্রতি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে (Biman Bose) চিঠি পাঠিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। কিন্তু মান্নানের সোনিয়া গান্ধীর কাছে তৃণমূলকে আসন ছাড়ার প্রস্তাবের স্বপক্ষে চিঠি পাঠানোয় সেই জোট প্রক্রিয়া ধাক্কা খেতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news