চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ভারাক্রান্ত হৃদয়ে আপাতত মুম্বই ছাড়লেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangna Ranawat)। গত এক সপ্তাহ যাবৎ শিবসেনা তথা মহারাষ্ট্র সরকারের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ চলেছে এই অভিনেত্রীর। সোমবার সকালে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কঙ্গনা লেখেন, “ভারাক্রান্ত হৃদয়ে মুম্বই ছাড়ছি। গত কয়েক দিন ধরে যে ভাবে আমাকে বারংবার আক্রমণ করা হচ্ছিল, ভয় দেখান হচ্ছিল, তাতে করে পাকিস্তানের সঙ্গে তুলনা একেবারেই যথার্থ ছিল।” গত ৯ সেপ্টেম্বর মুম্বইয়ে আসেন কঙ্গনা রানাওয়াত। তাঁর পালি হিলের অফিস ভাঙাকে কেন্দ্র করে কঙ্গনা এবং শিবসেনার (Shivsena) সঙ্ঘাত তীব্র আকার নিতে শুরু করে। প্রকাশ্যেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে (Uddhvab Thakrey) টুইটে কঙ্গনা হুঁশিয়ারি দিয়ে লেখেন, “আজ আমার ঘর ভেঙেছে, কাল তোর অহঙ্কার ভাঙবে।’’ এই সময় শিবসেনা সংসদ সদস্য তথা মুখপাত্র সঞ্জয় রাউতের সঙ্গে তাঁর বাকযুদ্ধ চরমে উঠেছিল। এমনকি শিবসেনার মুখপাত্র সামলাতেও তেড়ে আক্রমণ করা হয় বলিউডের মণিকর্ণিকাকে। আপাতত মুম্বই ছেড়ে গিয়ে এই যুদ্ধে তিনি বিরতি দিয়েছেন বলে মনে হয় না বলেই মনে করছে মহারাষ্ট্রের রাজনৈতিক মহল। কারণ মুম্বই ছেড়ে গেলেও তাঁর টুইট বান অব্যাহত রয়েছে।
ইতিমধ্যেই চণ্ডীগড় পৌঁছে গিয়েছে কঙ্গনার উড়ান। এখান থেকেই হিমাচল প্রদেশের মানালিতে নিজের বাড়িতে যাবেন কঙ্গনা। মুম্বই ছেড়েও শিবসেনার প্রতি ক্ষোভ প্রকাশ করা ছাড়েননি এই জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। নিজের টুইট বোমায় আবারও শিবসেনাকে সনিয়া সেনা বলে খোঁচা দেন তিনি। কঙ্গনা লেখেন, “এই যাত্রায় বেঁচে গেলাম। একটা সময় ছিল যখন মুম্বইয়ে মায়ের স্পর্শ পেতাম। কিন্তু এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে আমি যে বেঁচে রয়েছি সেটাই আশ্চর্যের। আমি ভাগ্যবান। যে মুহূর্তে শিবসেনা সনিয়া (গাঁধী) সেনায় পরিণত হল সেই মুহূর্তে মুম্বইয়ের প্রশাসন সন্ত্রাসের আকার নিল।” মুম্বই ছাড়ার আগে রবিবার বিকেলে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিংহ কোশিয়ারির সঙ্গে দেখা করেছেন তিনি। এ দিন প্রায় মিনিট কুড়ি রাজ্যপালের সঙ্গে কথা বলেন কঙ্গনা। সঙ্গে ছিলেন দিদি রঙ্গোলি চান্দেল। পরে টুইটারে কঙ্গনা লেখেন, ‘‘আমার বিশ্বাস, আমি ন্যায়বিচার পাব।’’
প্রসঙ্গত, ১৪ জুন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় নিজের ফ্ল্যাটে। তারপরেই ‘জাস্টিস ফর সুশান্ত’ সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ দিয়ে জোরালো দাবি ওঠে তাঁর মৃত্যুর তদন্তের। সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে পাটনায় অভিযোগ দায়ের করেন তাঁর পিতা। সেই তদন্ত নিয়ে মহারাষ্ট্র ও বিহার পুলিশের মধ্যে শুরু হয় চাপানউতোর। একে একে এই ঘটনায় জড়িয়ে পড়তে থাকে একের পর এক চরিত্র। সেই দ্বন্দ্বে বর্তমানে পরস্পরের সঙ্গে বাক তথা টুইট যুদ্ধে জড়িয়ে পড়েছে শিবসেনা ও কঙ্গনা রানাওয়াত। সেই যুদ্ধ থামার কোনও ইঙ্গিত দেখছে না রাজনৈতিক থেকে সিনেমা মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news