চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
প্রথম দিন উত্তরপাড়ায় এসে কাঞ্চন মল্লিক কি এই প্রাচীন শহরের আভিজাত্য বোধে আঘাত করে গেলেন?
বিশিষ্ট অভিনেতা উত্তরপাড়া ছাড়ার সঙ্গে সঙ্গেই এই প্রশ্নটি উঠে রাজা জয়কৃষ্ণের শহরে।
তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া প্রবীর ঘোষাল উত্তরপাড়ায় বিজেপির প্রার্থী হবেন কি না, তা এখনও ঘোষণা হয় নি। যদিও দলীয় সূত্রের খবর তৃণমূল থেকে যে সকল বিধায়করা এসেছেন তাঁরা সকলেই প্রার্থী হবেন। সেই হিসেবে প্রবীর ঘোষালের প্রার্থী হওয়ার কথা। শেষ পর্যন্ত সিদ্ধান্তে কোনও বড় বদল না হলে ধরে নেওয়া যায় উত্তরপাড়াতে প্রবীর ঘোষালই বিজেপি প্রার্থী।
শনিবার বিকেলে, সাংবাদিকরা কাঞ্চনকে বলেন, অনেকে বলছে আপনি বহিরাগত। আপনি কী বলেন?
সংলাপ বলতে দড় কাঞ্চন মিডিয়া কে চটজলদি উত্তর দিতে গিয়ে যা বললেন, তা নিয়েই বিতর্কের জন্ম।
প্রবীর ঘোষালের নাম করে কাঞ্চন বলেন, উনি দল ছেড়ে গেছেন, উনিই বহিরাগত।
প্রবীর ঘোষাল উত্তরপাড়া তথা কোন্নগরের প্রাচীন অধিবাসীদের একজন। কোন্নগরে তাঁর বাড়ির দুর্গা পুজোর বয়েস ৬০০ পেরিয়েছে। উত্তরপাড়া-ভদ্রকালী-কোতরং-কোন্নগরের আদি নিবাসীদের অন্যতম প্রতিনিধি প্রবীর ঘোষাল। হিসেব বলছে উত্তরপাড়া বিধানসভা অঞ্চলের ৭০ শতাংশের বেশি মানুষ এই এখানকার প্রাচীন অধিবাসী। দেশভাগের সময় বাংলাদেশ থেকে চলে আসা পূর্ব বঙ্গীয় মানুষও এখানে আছেন, তবে সারা রাজ্যের মত এখানেও তাঁরা মিলেমিশে একাত্ম হয়ে গেছেন। তাঁদের শিক্ষা ও সংস্কৃতি উত্তরপাড়াকে সমৃদ্ধ করেছে। এমনকি ভিন রাজ্য থেকে আসা জনগোষ্ঠীও এখানে থাকেন। তাঁরাও আধ্যাত্মিকতা, শিল্প এবং রাজনীতিতেও নিজেদের অবদান রেখেছেন।
এমতাবস্থায়, প্রবীর ঘোষাল তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছেন বলে, উত্তরপাড়ায় তিনিই বহিরাগত, কাঞ্চনের এই কথা হজম করতে পারেনি স্থানীয়দের প্রায় সকলেই।
কাঞ্চনের বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রবীর ঘোষাল বলেছেন, ‘পাগলের প্রলাপ।’
তৃণমূল নেতা তাপস মুখোপাধ্যায় তাঁর বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন, কাঞ্চনকে ঘিরে যে জনসমাবেশ দেখা গেছে তা সেলিব্রিটি দেখার সাধারণ মানুষের সমাগম নয়। তাপসের কথায়, “যাঁরা এসেছেন তাঁরা সকলেই দলের কর্মী”। প্রবীর ঘোষাল কে বহিরাগত বলা নিয়ে কোনও মন্তব্য তাপস করতে চাননি।
সব মিলিয়ে প্রথম দিন উত্তরপাড়ায় এসেই কাঞ্চন কি ফাউল করে ফেললেন?
এই প্রশ্ন এখন ঘুরছে উত্তরপাড়ার আনাচেকানাচে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news