প্রসেনজিৎ ধর:
বিজেপি প্রার্থীর নাম শোনার পর মুড বদলে গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। মাত্র কয়েকদিন আগে দৃশ্যত চাপে ছিলেন কল্যান। প্রকাশ্য সভায় বলেছেন, এবারের লড়াই অন্য বারের চেয়ে কঠিন। এমনকি তাঁর লোকসভা এলাকার কাউন্সিলরদের শাসিয়েও রেখে ছিলেন, মার্জিন না বাড়াতে পারলে সাংসদ তহবিলের টাকা মিলবে না।
এ হেন রণং দেহি কল্যাণ আমূল পাল্টে গেলেন বিজেপির প্রার্থীর নাম ঘোষণার পর।
দোলের দিনে কল্যাণ শান্ত ভাবে বললেন, রেকর্ড মার্জিনে জিতব। তারপরেই মুখে যা আসে তাই বলে দেওয়া কল্যাণের সমাহিত সংযোজন, “তাই বলে কাউকে ছোট করছি না। বিপক্ষের প্রার্থী নিশ্চয়ই যোগ্য। তবু আমি রেকর্ড ভোটে জিতব।”
অন্যদিকে শুক্রবারই মাহেশের জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করছেন বিজেপির যুব মোর্চার সভাপতি দেবজিৎ সরকার। প্রার্থী হওয়ার জন্য দেবজিৎকে শুভেচ্ছা জানালেও দেবজিত বলছেন, “এখন নয়, জিতলে অভিনন্দন জানাবেন।”
শ্রীরামপুরে দেবজিৎ-এর নাম এসেছে একেবারে শেষ দিকে। প্রথমে ভাবা হচ্ছিল তিনি রায়গঞ্জ থেকে দাঁড়াবেন। তাঁর ঘনিষ্ঠরাও তাঁকে সেখানেই দেখতে চাইছিলেন। অনেকদিন থেকে শ্রীরামপুরে কল্যানের বিরুদ্ধে যে নামটা আলোচনায় ছিল, সেটি হল কবীরশঙ্কর বসু। কবীর, সম্পর্কে কল্যাণের প্রাক্তন জামাতা। শেষ মুহুর্তে তাঁর নাম বাদ পড়ায় সম্ভবত সবচেয়ে বেশি যে মানুষটি খুশি হয়েছেন তিনি কল্যাণ স্বয়ং। পারিবারিক বিষয় ভোটের ময়দানে চলে আসার একটা স্বাভাবিক অস্বস্তি তৃণমূল নেতার মনে ছিল। দেবজিৎ প্রার্থী হওয়ায় আপাতত ঘাম দিয়ে জ্বর ছেড়েছে কল্যানের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news