নীল রায়।
“দলে কার গুরুত্ব বেশি হবে, তা দলই ঠিক করবে।” এমনটাই বললেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। এভাবেই শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সতর্কবার্তা দিলেন তিনি। বুধবার শ্যামবাজারে ধরনা মঞ্চে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে নেমেই সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ওঁরা দলে থাকবেন কিনা, সেটা একান্তই ওঁদের ভাববার বিষয়। সেটা নিয়ে আমাদের বলার কিছু নেই। তবে দলে কার গুরুত্ব বেশি এটা কোনও ব্যক্তি ঠিক করে না, দল ঠিক করে।’ এমনিতেই শোভন-বৈশাখীর অভিমান পর্বে অসন্তুষ্ট বিজেপির শীর্ষ নেতৃত্ব। গত কয়েকদিন ধরে যে চাপানউতোর চলছে তাতে এবার দাঁড়ি টানতে চলেছে রাজ্য বিজেপি। এদিন সেই ইঙ্গিত দিলেন কৈলাস বিজয়বর্গীয়।
১৪ আগস্ট দু সপ্তাহের মধ্যেই বিজেপি প্রসঙ্গে মোহভঙ্গ হয়েছে শোভন ও বৈশাখীর। তৃণমূল বিধায়ক তথা অভিনেত্রী দেবশ্রী রায়কে নিয়ে গোলমালের সূত্রপাত। তারপর দিলীপ ঘোষের শোভন-বৈশাখীকে ডাল ভাত বলা নিয়েও মনমালিন্যতা বৃদ্ধি পায়। তাছাড়া বিজেপির কর্মসূচিতে শোভন চট্টোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হলেও, বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে না ডাকায় তার চরমে ওঠে। এমতাবস্থায় প্রকাশ্যে দলে অসম্মানিত বোধ করছেন বলে ক্ষোভ প্রকাশ করেন দুজনে। অস্বস্তিতে পড়ে বিচ্ছেদ আটকাতে মাঠে নামেন কেন্দ্রীয় নেতা তথা দলের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ও অরবিন্দ মেনন। শোভন চট্টোপাধ্যায়ের গোল পার্কের বাড়িতে যান মেনন।। কিন্তু প্রত্যেকের কাছেই একই অনুরোধ করেন শোভন ও বৈশাখী। বিজেপি থেকে নিষ্কৃতি চান তাঁরা।
আবেদন নিবেদনে কাজ না হওয়ায় শেষে মাঠে নামেন মুকুল রায়। শোভন-বৈশাখীর মানভঞ্জনে সোমবার গভীর রাত পর্যন্ত নিজের নয়াদিল্লির বাসভবনে বৈঠক করেন বিজেপি নেতা। প্রায় সাড়ে তিন ঘণ্টার চা-চক্রের শেষে মুকুল রায় বলেন, “শোভন ও বৈশাখী দলেই আছেন। দল ছাড়ার কোনও প্রশ্নই নেই।” একই সুর শোনা যায় শোভন-বৈশাখীর গলাতেও। কিন্তু মঙ্গলবার রাতে কলকাতায় ফিরে বিমানবন্দরে ফের উলটো সুর শোনা যায় দুজনের গলায়।
মঙ্গলবার কৃষ্ণনগরের সভায় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কটাক্ষ করে মন্তব্য করেন, ‘নতুন বউ পরিবারে এলে মানিয়ে নিতে সমস্যা হয়। পরে সব ঠিক হয়ে যায়।’ সেই কটাক্ষও খুব একটা ভালভাবে নেননি শোভন-বৈশাখী। তারই প্রেক্ষিতে বুধবার কলকাতায় নেমেই কৈলাস বিজয়বর্গীয় দলের অবস্থান স্পষ্ট করে দেন নিজের মন্তব্যে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news