ওয়েব ডেস্ক:
প্রশাসনের গাফিলতি নয়, কচুয়ায় লোকনাথধাম মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মন্দির কমিটিকেই দোষারোপ করলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
শুক্রবার তিনি কড়া সুরে বলেন, “মন্দির তত্ত্বাবধানের দায়িত্ব কমিটির। স্টলগুলি থেকে টাকা পায় কমিটি।” মন্ত্রী প্রশ্ন তোলেন, রাস্তার ধারে অস্থায়ী স্টল বসানোর অনুমতি কে দিল! দুর্ঘটনার কারণ হিসেবে তাঁর অভিমত, “একসঙ্গে ১০ হাজার মানুষ মন্দিরে ঢুকতে গেলেই বিপত্তি ঘটে। এরপর এক এক জন করে মন্দিরে ঢোকার ব্যবস্থা করতে হবে।” তিনি জানান, এই বিষয়টি রাজ্য সরকার খতিয়ে দেখবে। উল্লেখ্য, বড়সড় বিপর্যয় ঘটে যাওয়ার পর, একাধিক মৃত্যুর পর আজই রাজ্যের তরফে মন্দির কমিটির সঙ্গে বৈঠকে বসা হবে বলে জানা গিয়েছে। এরপর থেকে মেলার আগে প্রশাসনের সঙ্গে বৈঠক করতে হবে মন্দির কমিটিকে। পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিক স্পষ্ট করে দেন, পরের বছর থেকে যে কোনও রাস্তা দিয়ে মন্দিরে লোক ঢোকানো যাবে না।
প্রসঙ্গত, জন্মাষ্টমী উপলক্ষে কচুয়ায় রেকর্ড ভিড় হয়। সঙ্গে ছিল গতকাল রাতের তুমুল বৃষ্টি। তার জেরেই রাত তিনটে নাগাদ ঘটে মারাত্মক দুর্ঘটনা। মন্দিরের পাঁচিল ভেঙে অনেকেই পড়ে যান। পুকুরে পড়ে যান অনেকে। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় অপর্ণা সরকার, পূর্ণিমা গড়াই ও তরুণ মণ্ডলের। আহত হন কমপক্ষে ১৬ জন। মৃত ও আহতদের পবিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news