নীল রায়:
সিপিএম ছেড়ে এবার তৃণমূলে যোগ দিলেন এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট জ্যোতির্ময়ী শিকদার। বৃহস্পতিবার রাজারহাটে বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে আয়োজিত মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় তিনি জোড়া ফুল শিবিরে যোগদান করেন। ২০০৪ সালে কৃষ্ণনগর থেকে বিজেপি প্রার্থী সত্যব্রত মুখোপাধ্যায়কে হারিয়ে প্রথমবারের জন্য সাংসদে হয়েছিলেন তিনি। ২০০৯ সালে অবশ্য অভিনেতা তৃণমূল প্রার্থী তাপস পালের কাছে পরাজিত হন। ২০১৬ সালে আবারও উত্তর সোনারপুর থেকে প্রার্থী হয়েছিলেন সিপিএমের পক্ষে। সে যাত্রায় তৃণমূলের ফিরদৌসী বেগমের কাছে হার হয় তাঁর।
এদিন কোনও খবর ছাড়াই তাঁকে রাজারহাটের তৃণমূলের প্রচার মঞ্চে দেখা যায়। তারপর স্পষ্ট হয়ে যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দিচ্ছেন এই সোনা জয়ী অ্যাথলিট। উল্লেখ্য, সোনা জয়ের গরিমায় জ্যোতির্ময়ী সিকদার আলোকিত হলেও তাঁর পারিবারিক বিতর্ক রয়েছে। বছর দশেক আগে তাঁর স্বামী অবতার সিংহকে গ্রেফতার হতে হয় পুলিশের হাতে। অন্ধকার জগতের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ছিল তাঁর অবতারের বিরুদ্ধে। সংসদ সদস্য থাকাকালীন স্বামীর গ্রেফতারি সিপিএম নেতৃত্ব ও ব্যক্তি জ্যোতির্ময়ীকে অস্বস্তিতে ফেলেছিল। তৃণমূলে এসে কি রাজনৈতিক সাফল্য ফিরে পান কিনা তা দেখতেই এখন আগ্রহী রাজনৈতিক মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news