চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
চলে গেলেন বিশিষ্ট সাংবাদিক সঞ্জয় সিংহ (Journalist Sanjay Sinha)। আজ দুপুরে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। এদিন দুপুরে বাথরুমে গিয়ে সেরিব্রাল অ্যাটাক হয় তাঁর। পরিস্থিতি দেখে তাঁর পরিবার তাঁকে অ্যাম্বুলেন্সে করে আরজি কর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকরা। সাংবাদিক সঞ্জয় সিংহের মৃত্যুতে শোকের ছায়া সংবাদ জগতে। সাম্প্রতিক করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হন তিনি। সুস্থ হয়ে বুধবার বাড়ি ফিরেছিলেন সঞ্জয় সিংহ। কিন্তু, এদিন দুপুরে বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে, তাঁকে আর বাঁচানো যায়নি।
৮০-র দশকে ‘পরিবর্তন’ সংবাদপত্র দিয়ে সাংবাদিকতা জীবন শুরু করেন তিনি। পরে যোগ দেন ‘আজকাল’ সংবাদপত্রে। কিছুদিন বর্তমান সংবাদপত্রেও ছিলেন তিনি। সেখান থেকেই যোগ দেন আনন্দবাজার পত্রিকায়। ৯০-এর দশক থেকে দীর্ঘদিন আনন্দবাজার পত্রিকায় সাংবাদিকতা করেছেন । ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের পর আনন্দবাজার পত্রিকা থেকে অবসর গ্রহণ করেন। জীবনের বেশিরভাগ সময় রাজনৈতিক সাংবাদিক হিসেবে কাজ করেছিলেন তিনি। তাই আনন্দবাজার পত্রিকা থেকে অবসর গ্রহণের পর বিভিন্ন সংবাদমাধ্যমে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে লেখালেখি করতেন। বৈদ্যুতিন সংবাদ মাধ্যমেও বিভিন্ন রাজনৈতিক আলোচনায় অংশ নিতে দেখা যেত তাঁকে । প্রসঙ্গত, ‘চ্যানেল হিন্দুস্তান’-এ তাঁর বহু লেখা প্রকাশিত হয়েছিল ধারাবাহিক ভাবে। তাঁর মৃত্যুতে বাংলার রাজনৈতিক সাংবাদিকতার অপূরণীয় ক্ষতি হল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news