ওয়েব ডেস্ক:
জঙ্গি অভিযানে বড় সাফল্য কলকাতা পুলিশের। ভারতে জেএমবি’র প্রধানকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ। ধৃতের নাম ইজাজ আহমেদ। এদিন গয়া থেকে গ্রেফতার করা হয় ইজাজ আহমেদকে। জানা গিয়েছে, ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হচ্ছে ধৃত জঙ্গিকে।
উল্লেখ্য, জামাত-উল-মুজাহিদিনের ভারত শাখার ‘আমির’ বা প্রধান ছিল ইজাজ। বোধগয়া বিস্ফোরণ, খাগড়াগড় বিস্ফোরণ সহ ভারতে জেএমবি’র একাধিক নাশকতার পেছনে ‘মাথা’ ছিল ইজাজের। ভারতের জেএমবি প্রধানের গ্রেফতার বলা বাহুল্য কলকাতা পুলিশের বড়সড় সাফল্য। সূত্রের খবর, আইবি ও গয়া পুলিশের সহযোগিতায় ইজাজকে গ্রেফতার করা গিয়েছে।
কিছুদিন আগে ধরা পড়া জেএমবি’র প্রাক্তন প্রধান কওসরকে জেরা করে ইজাজের সম্বন্ধে জানতে পারে এসটিএফ। দিন কুড়ি আগে সূত্র মারফত কলকাতা পুলিশ খবর পায় যে, বিহারে আত্মগোপন করে রয়েছে ইজাজ। এরপরই আইবি-র সাহায্য চাওয়া হয়। দিন চারেক আগে গয়া যায় এসটিএফ-এর একটি দল। এরপর গয়ার একটি বাড়িতে ইজাজের আত্মগোপন করে থাকার খবর নিশ্চিত হতেই, গয়া পুলিশের সাহায্য নিয়ে গ্রেফতার করা হয় ইজাজকে। গ্রেফতারির পরই শুরু হয় আসল নাটক। চোস্ত ইংরেজি বলা ইজাজ নিজেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলে পরিচয় দেয়। রীতিমতো ধন্দে পরে যান এসটিএফ ও আইবি’র আধিকারিকরা। ধোঁয়াশা কাটাতে গয়া থেকেই ভিডিও কল করা হয় এনআইএ’কে। তাতেই কাজ হয়। কারণ কওসর চিনিয়ে দেয় ইজাজকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news