ওয়েব ডেস্ক:
শেষ পর্যন্ত জিয়াগঞ্জ হত্যাকাণ্ডের কিনারা করল পুলিশ। তদন্তকারী আধিকারিকেরা জানিয়ে দিলেন, প্রতারণার বদলা নিতেই খুন করা হয়েছে শিক্ষক ও তাঁর পরিবারকে। খুনি গোটা অপরেশন চালাতে সময় নেয় ৫ মিনিট মাত্র। দশমীর দিন দুপুর ১২.৬ থেকে ১২.১১-মধ্যেই তিনজনকে খুন করে অভিযুক্ত উৎপল বেহরা। প্রাপ্য টাকা ফেরত না পেয়েই সপ্তমী থেকে খুনের ছক কষেছিল সে। এদিন পুলিশ দাবি করে, জেরায় খুনের কথা মেনেও নিয়েছে অভিযুক্ত।
উল্লেখ্য, একাধিক বিমা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন মৃত বন্ধুপ্রকাশ পাল। অনেকের মতো উৎপলও তাঁর কাছে বিমার টাকা দেয়। কিন্তু রশিদ চাইতেই জানা যায় জমাই পড়েনি উৎপলের টাকা। জানা যাচ্ছে, মৃত শিক্ষকের কাছ থেকে ৪৮ হাজার টাকা পেত উৎপল বেহরা। এরপর নাকি টাকার জন্য বন্ধুপ্রকাশকে চাপ দিলে উল্টে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় উৎপলকে।
পুলিশের বক্তব্য, খুনের পর পোশাক বদল করে উৎপল। প্রসঙ্গত, বিছানায় মৃতদেহর পাশেই পাওয়া গিয়েছে বিমার কাগজ। সেই কাগজেই ছিল উৎপল বেহরার নাম। এভাবে তদন্তে একজোড়া সূত্রের হদিশ মিলতেই ধরা পড়ে অভিযুক্ত উৎপল বেহরা। আটক করা হয় তাঁর বোনকেও।
মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনা জানানোর সময় স্পষ্ট করা হয় যে, ব্যক্তিগত আক্রোশই খুনের কারণ। এরসঙ্গে রাজনীতি বা অন্য কিছুর কোনও যোগাযোগ নেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news