চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে অধীর চৌধুরী (Adhir Chowdhry) ফের একবার দায়িত্ব নেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে পর্যবেক্ষক ও বদল করে দিলেন সনিয়া গাঁধী (Sonia Gandhi)। অসমের প্রবীণ কংগ্রেস (Congress) নেতা তরুণ গগৈর পুত্র গৌরব গগৈকে পর্যবেক্ষক পদ থেকে সরিয়ে উত্তরপ্রদেশের কংগ্রেস নেতা জিতেন প্রসাদকে আনলেন তিনি। উত্তরপ্রদেশের দাপুটে কংগ্রেস নেতা জিতেন্দ্র প্রসাদের ছেলে জিতিন। দুই কংগ্রেসি প্রধানমন্ত্রী রাজীব গাঁধী ও নরসিমহা রাওয়ের রাজনৈতিক উপদেষ্টা ছিলেন জিতিন প্রসাদের পিতা। ২০০১ সালে মাত্র ৬২ বছর বয়সে মৃত্যু হয় জিতেন্দ্র প্রসাদের। ছেলে জিতিন প্রসাদ আগাগোড়াই কংগ্রেস করেন।
২০০৪ সালে লোকসভা ভোটে উত্তরপ্রদেশের শাহজাহানপুর থেকে সাংসদ হন জিতিন প্রসাদ। পরে প্রথম মনমোহন সিং সরকারের আমলে মন্ত্রী হন তিনি। পেট্রোলিয়াম ও পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী করা হয়েছিল তাঁকে। বর্তমানে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য উত্তরপ্রদেশের এই নেতা। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের সংগঠন থেকে গৌরব গগৈকে সরিয়ে জিতিন প্রসাদকে আনার পিছনে অধীর চৌধুরীর হাত দেখছে রাজনৈতিক মহল। কারণ, অধীর চৌধুরীর পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি থাকাকালীনই গৌরবকে পর্যবেক্ষক করা হয়েছিল। সেই সময় থেকেই অধীর-গৌরবের সম্পর্কের অবনতি শুরু হয়। পরে সভাপতিত্ব চলে যায় বহরমপুরের সাংসদের।
তাই এবার অধীর চৌধুরীর সভাপতি পদ নিশ্চিত হতেই পর্যবেক্ষক দলের সিদ্ধান্ত নেয় এআইসিসি। জানা গিয়েছে, সংগঠন চালাতে যাতে সভাপতি ও পর্যবেক্ষকের কোনও সংঘাত না হয়, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জিতিন প্রসাদকে পশ্চিমবঙ্গের সঙ্গে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের পর্যবেক্ষক করা হয়েছে। পাশাপাশি সংগঠনে বড়সড় রদবদলের সঙ্গে বেশিরভাগ রাজ্যের পর্যবেক্ষকদের বদল করেছেন সনিয়া গাঁধী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news