নিজস্ব সংবাদদাতাঃ
হাওড়াঃ হাওড়া-মাঝেরহাট সেতু ভাঙার পরেই যেন রাতারাতি ঘুম ভাঙল সরকারের। আর যার জেরে ইতিমধ্যে ২০টি সেতুকে মেয়াদ উর্ত্তীণ ঘোষণা করা হয়েছে। আর তাতেই ঘুম ছুটেছে রাজ্যের মানুষের। যে ২০টি সেতুকে মেয়াদ উর্ত্তীণ ঘোষণা করা হয়েছে তার মধ্যে অন্যতম সাতরাগাছি ব্রিজ।
সূত্রের খবর, দক্ষিণ পূর্ব রেলের সাতরাগাছি ও রামরাজাতলা ষ্টেশনের মাঝখানে রেল লাইনের উপর দিয়ে যাওয়া এই ব্রিজটি হাওড়া থেকে কলকাতা যাওয়ার অন্যতম যোগাযোগের মাধ্যম। যদিও রক্ষণাবেক্ষণের অভাবে সেতুর স্বাস্থ্য ভালো নয়। বেশ কয়েকটি পিলারে ফাটল দেখা দিয়েছে। এমনকি ব্রিজের রেলিং ও নড়বড়ে হয়েছে। স্থানীয় সূত্রে খবর ব্রিজটি সেভাবে রক্ষণাবেক্ষণ না করার ফলে দুটি স্ল্যাবের মাঝখানটা ভেঙে গেছে এবং সেখানে থেকে জয় চুঁইয়ে ভিতরে ঢুকছে। এছাড়াও ব্রিজটি বহু অংশ আগাছায় ভর্তি। শুধু ব্রিজের উপরেই নয় নীচেও জল জমে থাকায় পরিস্থিতি আরও ঘোরালো হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাতরাগাছি ব্রিজে নিকাশি ব্যবস্থা সেভাবে না থাকায় বছরের অধিকাংশ সময়েই সেতুর নীচের অনেকটাই জলে ডুবে থাকে। অন্যদিকে ব্রিজের দলায় বাসষ্ট্যান্ড ও দোকান গজিয়ে ওঠায় রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। অপরদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে ব্রিজের উপর দিয়ে ১০/২০ চাকার ভারী যান চলাচল বন্ধের নির্দেশে খুশি স্থানীয় বাসিন্দারা। তাদের মতে রাতে ব্রিজের উপর দিয়ে ভারী যান চলাচলের ফলে ব্রিজের পাশাপাশি আশপাশের বাড়িঘর কাঁপতে থাকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news