নিজস্ব সংবাদদাতা:
ইসলামপুরের দাড়িভিটে ছাত্র মৃত্যুর ঘটনার সিবিআই তদন্তের দাবি ও বিজেপি নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য রিলে অনশন শুরু করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। রায়গঞ্জ শহরের বিজেপির জেলা কার্যালয়ের সামনে মহাত্মা গাঁধী রোডে অনশন মঞ্চ তৈরি করে আন্দোলন শুরু করল উত্তর দিনাজপুর জেলা বিজেপির নেতা কর্মীরা।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর ইসলামপুরের দাড়িভিট উচ্চ বিদ্যালয়ে ছাত্র-পুলিশ সংঘর্ষে মৃত্যু হয়েছিল বিদ্যালয়ের দুই প্রাক্তন ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মনের। এই ঘটনায় তোলপাড় হয়ে ওঠে গোটা রাজ্য। ছাত্র মৃত্যুর ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামে বিজেপি। তাদের মত পুলিশের গুলিতে মারা গেছে ওই দুই ছাত্র। মৃত ছাত্রদের পরিবারসহ গোটা দাড়িভিট গ্রামের মানুষ ছাত্র মৃত্যুর ঘটনার সিবিআই তদন্তের দাবি তোলে। তাদেরও মত ওই দুজন মারা গেছে পুলিশের গুলিতেই। ২৬ সেপ্টেম্বর একই কারণে বাংলা বনধের ডেকেছিল বিজেপি। ওই দিন বনধকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে ইসলামপুর। বনধ সমর্থনকারীরা বেশ কয়েকটি সরকারি বেসরকারি বাস ভাঙচুর করে। এই ঘটনায় পুলিশ শতাধিক বিজেপি কর্মী সমর্থকদের গ্রেপ্তার করে।
বিনা কারণে বিজেপি নেতা কর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ এই অভিযোগ তুলে ধৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য রিলে অনশন শুরু করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। পাশাপাশি দাড়িভিটে ছাত্র মৃত্যুর ঘটনা সিবিআই তদন্তের দাবিতেও এই রিলে অনশন বলে জানান জেলা বিজেপি নেতৃত্ব।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news