নিজস্ব সংবাদদাতাঃ
পুরুলিয়াঃ নিজের পোষ্য মোষের আক্রমণে মৃত্যু হল প্রতিপালকের। সোমবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়া মফস্বল থানার গেঙ্গাড়া গ্রামে। ঘটনার পরই আতংক ছড়িয়েছে গোটা গ্রামে।
প্রতিদিনের মতো এদিনও মাঠে চরানোর পর নিজের পোষা দুটি মোষকে নিয়ে গ্রামের একটি পুকুরে স্নান করাচ্ছিলেন প্রৌঢ় প্রতিপালক অনিল মাহাতো। সেই সময় হঠাৎই পুরুষ মোষটি অনিল মাহাতর উপর হামলা করে। তাঁকে পুকুরের মধ্যেই সিং দিয়ে নৃশংসভাবে হত্যা করে। পুকুরে আক্রমণকারী হিংস্র মোষের থেকে ওই ব্যক্তিকে বাঁচাতে সাহস পাননি গ্রামবাসী।
মোষের গুঁতোয় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। পরে এলাকার বাসিন্দারা তাঁকে উদ্ধার করে স্থানীয় সদর হাসপাতালে নিয়ে যান। এদিকে এই ঘটনার পর ঘাতক মোষটি উত্তেজিত অবস্থায় গ্রামবাসীকে তাড়া করলে আতঙ্ক ছড়ায় গ্রামে।
পরে খবর পেয়ে পুলিশ ও দমকলকর্মীরা গ্রামবাসীদের সাহায্যে ঘাতক মোষটিকে নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news