নিজস্ব সংবাদদাতাঃ
নদীয়া: পুরসভার চেয়ারম্যানের বাড়ী লক্ষ করে বোমাবাজি ও গুলি। ঘটনায় উত্তেজনা নদীয়ার চাকদহে। দুষ্কৃতীদের ছোড়া বোমা ও গুলি লক্ষভ্রষ্ট হওয়ায় প্রাণে বাঁচেন পুরপ্রধান দীপক চক্রবর্তী।
সূত্রের খবর, বৃহস্পতিবার মাঝ রাতে বাড়ির পোষ্য কুকুরকে নিয়ে বাড়ির সামনে হাঁটছিলেন চাকদহ পুরসভার চেয়ারম্যান দীপক চক্রবর্তী। অভিযোগ, পুরপ্রধান হাঁটা শেষ করে বাড়িতে ঢোকার সময় একটি স্কুটিতে চেপে দুষ্কৃতীরা এসে তাকে লক্ষ্য করে তিনটে বোমা ছোড়ে, গুলি চালিয়ে পালিয়ে যায়। অভিযোগ, বোমা লক্ষ্যভ্রষ্ট হয়ে বাড়ির গেটে লাগে, গুলি লক্ষভ্রষ্ট হয়ে জানলার কাঁচে লাগে। কোনওক্রমে প্রাণে বাঁচেন পুরপ্রধান দীপক চক্রবর্তী।
এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানায় এলাকাবাসী।
ব্যক্তিগত শত্রুতা না এর পিছনে অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখছে চাকদহ থানার পুলিশ। তদন্ত শুরু করেছে পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news