চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
জয়েন্ট এন্ট্রান্স ও নিটের (JEE & NEET) পরীক্ষা ব্যবস্থা নিয়ে কোনও প্রস্তুতিই রাখছে না রাজ্য সরকার।
করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমনের আবহে এই পরীক্ষা নিয়ে নিজেদের আপত্তির কথা প্রকাশ্যেই জানিয়েছিল তৃণমূল নেতৃত্ব। এরপর সনিয়া গাঁধীর নেতৃত্বাধীন বৈঠকের বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা মতোই কাজ, রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক আবেদন জানিয়েছেন সুপ্রিম কোর্টে। পাশাপাশি, পরীক্ষার জন্য সরকার কোনও রকম প্রস্তুতি রাখছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রস্তুতি তো দূরের কথা, জয়েন্ট ও নিটের ক্ষেত্রে তাদের কোনও দায়িত্ব আছে বলেই মনে করছে না রাজ্য সরকার।
এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেছেন, “আমরা উদ্বিগ্ন পরীক্ষার্থীদের নিয়ে। অনেক দূর থেকে বহু ছাত্রছাত্রী পরীক্ষা দিতে আসেন। গ্রাম-মফস্সল থেকে এখন তাঁরা কী ভাবে আসবেন, এই নিয়ে আমাদের চিন্তা তো রয়েছেই। তাই পরীক্ষা স্থগিতের আর্জি জানিয়েছি। আমরা আশাবাদী, সুপ্রিম কোর্ট বিষয়টি নিশ্চয়ই দেখবে।” তিনি আরও বলেছেন, “এই পরীক্ষা নেওয়ার বিষয়ে আমাদের তো কোনও দায়িত্ব দেওয়া হয়নি। তাই প্রস্তুতির প্রশ্নই ওঠে না। এগুলো তো ওরা এজেন্সিকে দিয়ে করায়।” তবে তাঁরা পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগ-উৎকণ্ঠার শরিক বলে জানান বেহালা পশ্চিমের বিধায়ক। বিকাশ ভবন সূত্রের খবর, ওই প্রবেশিকা পরীক্ষার বিষয়ে রাজ্যের শিক্ষাসচিবকেও কিছু জানায়নি কেন্দ্র। জেইই ও নিট, এই দু’টি ভর্তির পরীক্ষাই নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তাই যাবতীয় দায়িত্ব কেন্দ্রীয় সরকারের ওপর ছেড়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news