ওয়েব ডেস্ক:
গোটা দেশের সঙ্গে গলা মিলিয়ে এবার হায়দরাবাদ ধর্ষণ কান্ডে সোচ্চার হলেন রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন। সোমবার তিনি বলেন, ‘সময় এসেছে, এবার ধর্ষকদের রাস্তায় ফেলে পিটিয়ে মারা উচিত।’ উল্লেখ্য, এদিন কেন্দ্রীয় সরকারের পক্ষে রাজনাথ সিংহও জানান, এমন ঘৃণ্য অপরাধ রুখতে সরকার সব ধরনের প্রস্তাব গ্রহণ করবে।
তবে সোমবার জয়া বচ্চনের প্রতিক্রিয়া ছিল চোখে পড়ার মতো। তিনি বলেন, ‘ধর্ষকদের প্রকাশ্যে ভর্ৎসনা করা উচিত। তাদের রাস্তায় ফেলে পিটিয়ে মারা উচিত।’ আইনশৃঙ্খলা প্রসঙ্গে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন কিংবদন্তি অভিনেত্রী।
উল্লেখ্য, সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন। তাঁর কথায়, ‘ধর্ষণের ঘটনায় বিচারে সরকার কী করছে তা জানাতে হবে সকলকে। তাঁর মতে, যে ঘটনায় নিয়ে শোরগোল হচ্ছে হায়দরাবাদের সেই ঘটনার আগেও একই ধরনের ঘটনা ঘটেছে দেশে।’
প্রসঙ্গত, সোমবার হায়দরাবাদ ধর্ষণকাণ্ডে নিয়ে তোলপাড় হয় গোটা সংসদ। নারীদের বিরুদ্ধে অপরাধে আরও কড়া শাস্তির সুপারিশ করেন প্রায় সমস্ত সাংসদ। জয়া ছাড়াও এদিন ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হন এআইএডিএমকে সাংসদ বিজিলা সাত্যনাথ। সংসদে দাঁড়িয়ে কেঁদে ফেলেন তিনি। বলেন, এই দেশে নারী ও শিশুরা নিরাপদ নয়। হায়দরাবাদে যে ৪ জন ধর্ষণের সঙ্গে জড়িত তাদের ৩১ ডিসেম্বরের আগেই ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া উচিত।
উত্তপ্ত সংসদে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংহও বলেন, এই ধরনের ঘৃণ্য অপরাধ রুখতে সরকার সব ধরনের প্রস্তাব গ্রহণ করতে তৈরি। ধর্ষণ রুখতে কড়া আইন আনতেও তৈরি সরকার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news