নীল রায়:
জেএনইউ-এর ছাত্রনেতা ওমর খালিদের বাবা জঙ্গিপুরে প্রার্থী হওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে। ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার প্রার্থী হিসেবে টর্চ প্রতীকে জোরালোভাবে এখানে প্রচার করছেন ড: এসকিউআর ইলিয়াস।
উল্লেখ্য, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, জঙ্গিপুর আসনে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সাংসদপুত্র অভিজিৎ মুখোপাধ্যায়কে জেতাতে আরএসএস সাহায্য করছে। যে কারণে এই আসনে মুসলিম প্রার্থী দিয়েছে গেরুয়া শিবির। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী করেছে মাহফুজা খাতুনকে। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জের প্রাক্তন সিপিএম বিধায়ককে জঙ্গিপুরে প্রার্থী করা নিয়ে প্রথম থেকে প্রশ্ন উঠেছে নানা মহলে। মাফুজা অবশ্য মুখ্যমন্ত্রীর যাবতীয় অভিযোগ খারিজ করেছেন। তাঁর মতোই অভিযোগ উঠছে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার বিরুদ্ধেও। এই পার্টির হয়ে জঙ্গিপুর আসনে প্রার্থী হয়েছেন ড: এসকিউআর ইলিয়াস। বছর কয়েক আগে দিল্লির জেএনইউ বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করে কানাইয়া কুমারের সঙ্গে গ্রেফতার হয়েছিলেন ছাত্রনেতা উমর খালিদ। সেই ওমর খালিদের পিতা ইলিয়াস। তৃণমূলের অভিযোগের উত্তরে দিল্লি নিবাসী সজ্জন ইলিয়াসের উত্তর, “তৃণমূল যে অভিযোগ আমার বিরুদ্ধে তুলছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। দিল্লি থেকে এসে আমি জঙ্গিপুরে প্রার্থী হয়েছি ঠিকই। কিন্তু নির্বাচন কমিশন তো এমন কোনও বিধি-নিষেধ বেঁধে দেয়নি যে দিল্লির বাসিন্দা হলে জঙ্গিপুরে দাঁড়ানো যাবে না।” তিনি আরও বলেন, “তৃণমূল নেতারা বোধ হয় ভুলে গেছেন বিজেপির সঙ্গে বহুদিন সরকার চালানোর অভিজ্ঞতা রয়েছে তাদের নেত্রীর। আর বিজেপি আমাদের নীতিগত প্রতিপক্ষ। যিনি নিজে বিজেপির অটল বিহারী বাজপেয়ী মন্ত্রিসভার সদস্য ছিলেন তাঁর দলের তোলা অভিযোগ মানুষ গ্রহণ করবেন না।”
প্রসঙ্গত, ২০১২ সালে প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হওয়ার পর জঙ্গিপুর লোকসভায় যে উপনির্বাচন হয়েছিল তাতে প্রার্থী দিয়েছিল ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। সে যাত্রায় ৪২ হাজার ভোট পেয়েছিলেন তারা। কিন্তু ২০১৪ সালের লোকসভা ভোটে সেই ভোট কমে হয়ে গিয়েছিল সাড়ে ৯ হাজার। কিন্তু আবারও এবারের নির্বাচনে তেড়ে-ফুঁড়ে নেমেছে ওয়েলফেয়ার পার্টি। আর সেখানেই সন্দেহ দানা বাঁধছে রাজনৈতিক মহলে। বাংলার রাজনীতিতে চালচুলোহীন এই রাজনৈতিক দলের কেবলমাত্র জঙ্গিপুর আসনের প্রার্থী দেওয়ার বিষয়টি নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। মুখ্যমন্ত্রীর ঢঙেই অনেকেই মনে করছে কংগ্রেস প্রার্থীকে বাড়তি সুবিধা দিতে ইলিয়াস সাহেবকে প্রার্থী করা হয়েছে এখানে। কারণ জঙ্গিপুর লোকসভায় যে ৫ জন প্রার্থী রয়েছেন, তার মধ্যে একমাত্র হিন্দু প্রার্থী অভিজিৎ মুখোপাধ্যায়। গোটা রাজ্যে মুসলমানরা সংখ্যালঘু হলেও, জঙ্গিপুরে তারাই সংখ্যাগরিষ্ঠ। এমতাবস্থায় জঙ্গিপুরের সংখ্যালঘু হিন্দুরা এই আসনের নির্ণায়ক হতে পারেন। হিন্দুভোট এক বক্সে আনার পাশাপাশি, এই কেন্দ্রের মুসলমান ভোটের বিভাজন ঘটলে লাভবান হতে পারেন একমাত্র কংগ্রেস প্রার্থীই। এখানেই সন্দেহ। তবে সবটাই অনুমান আর কুটিল বিশ্লেষণ। শেষকথা বলবেন জঙ্গিপুরবাসী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news