ওয়েব ডেস্ক:
গৃহবন্দি ছিলেনই, এবার আটক করা হল জম্মু ও কাশ্মীরে প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে। পাবলিক সেফটি অ্যাক্ট বা (PSA)-তে অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। এই আইনে বিচার ছাড়াই টানা দু’বছর আটক করে রাখা সম্ভব একজন ব্যক্তিকে। উল্লেখ্য, কোনও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পিএসএ প্রয়োগ করা হল এই প্রথম।
ফারুক আবদুল্লা গত ৪ অগাস্ট থেকে শ্রীনগরে নিজের বাড়িতে গৃহবন্দি রয়েছেন। এবার তাঁকে আটক করা হল। সূত্রের খবর, পাবলিক সেফটি অ্যাক্টের বলে তাঁর বাড়িতেই তাঁকে আটক করা হয়েছে। তবে পরিবারের লোকজনের সঙ্গে দেখা করার ক্ষেত্রে নিষেধ থাকছে না।
উল্লেখ্য, সোমবারই সুপ্রিম কোর্টে একটি মামলায় এমডিএমকে নেতা ভাইকো প্রশ্ন তোলেন, কেন ফারুক আবদুল্লাকে আদালতে তোলা হচ্ছে না। এরপর কেন্দ্রের কাছে এই বিষয়ে জবাব তলব করে শীর্ষ আদালত।
অন্যদিকে গত ৬ অগাস্ট সংসদে ফারুক আবদুল্লার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন একাধিক সাংসদ। সে সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেছিলেন, ফারুককে গ্রেফতার বা আটক করা হয়নি।
প্রসঙ্গত, গত ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ হওয়ার পর ওই রাজ্যেত কমপক্ষে ৪০০ রাজনৈতিক নেতাকে গৃহবন্দি করা হয়। এর মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news