পার্থসারথি পাণ্ডা :
‘রাধারাণী নামে এক বালিকা মাহেশে রথ দেখিতে গিয়াছিল’—এভাবেই শুরু হয়েছে বঙ্কিমের ‘রাধারাণী’ উপন্যাসটি। মাহেশে তখন লোকে লোকারণ্য, রথে মহা ধূমধাম। রাধারাণী যে শুধু রথ দেখতে গিয়েছিল তাই নয়, গরীবের সংসারে মেলায় মালা বেচতেও গিয়েছিল। তারপর ফেরার পথে বর্ষার ধারায় ভিজতে ভিজতে রুক্মীণীকুমারের সঙ্গে প্রথম দেখা এবং প্রেম। কাহিনির সূত্রপাত হল কিন্তু জগন্নাথের রথযাত্রা থেকেই।
তবে এই উপন্যাসটি লেখার পেছনে বঙ্কিমের নিজের জীবনের একটি বাস্তব ঘটনা প্রভাব ফেলেছে। সেই ঘটনাটিও ঘটেছে কিন্তু ঐ রথযাত্রার সময়েই। কাঁঠালপাড়ায় বঙ্কিমের গৃহদেবতা রাধাবল্লভ জিউর রথযাত্রা প্রতিবছর হতো মহাধূমধাম করে। ১৮৭৫ সাল। বঙ্কিম রথের ছুটিতে বাড়ি এসেছেন। যখন রথ বেরল পথে তখন রথ দেখতে চারিদিকে লোকে লোকারণ্য হয়ে গেল। সেই বিপুল ভিড়ের মাঝে একটি বছর এগারোর মেয়ে হারিয়ে গেল। হারিয়ে গেল বলতে, আত্মীয়স্বজনের সঙ্গছাড়া হয়ে গেল। অনেকেই তাকে আত্মীয়স্বজনের সঙ্গে মিলিয়ে দেবার জন্য খোঁজাখুঁজি শুরু করলেন। বঙ্কিমও করেছিলেন। সেই করতে করতে তাঁর মনে উপন্যসের প্লট দানা বাঁধল। কার্ত্তিক অঘ্রানের ‘বঙ্গদর্শন’ এ তা বড় গল্পের আকারে প্রকাশিত হল।
রবীন্দ্রনাথের অনেক কবিতাতে রথের প্রসঙ্গ থাকলেও রথকে প্রেক্ষাপটে নিয়ে একটি নাটক লিখেছিলেন ‘রথজাত্রা’—তারই পরিবর্ধিত রূপ ‘রথের রশি’। তিনি সেখানে রথযাত্রার পটভূমিতে মানুষের অন্তরলোকের যাত্রা দেখিয়েছেন।
বাঙালি জীবনে জগন্নাথদেবের প্রভাব বড় কম নয়। একটা সময় ছেলেদের নাম ‘জগন্নাথ’ রাখার প্রবণতা খুব দেখা যেত। ডাকনামে সে হয়ে উঠত অবশ্য ‘জগা’। আবার আমাদের প্রবাদ প্রবচনেও জগন্নাথ ও তাঁর রথযাত্রার প্রসঙ্গ স্থান পেয়েছে। যেমন—বিশৃঙ্খল অবস্থা বোঝাতে পাঁচমিশালি জগন্নাথদেবের খিচুড়িভোগের উপমা টেনে ‘জগা খিচুড়ি’ প্রবচন। কিম্বা, রথ দেখা কলা বেচা’র মতো প্রবাদ।
গরীব-মধ্যবিত্ত বাঙালির আর কোন তীর্থ করার সামর্থ্য না থাকুক, পুরীতে গিয়ে জগন্নাথ দর্শন তাঁরা জীবনে একবার না একবার করেই আসতেন, সে যে করেই হোক। সেই স্মৃতিকে ধরে রাখতে মহিলারা জগন্নাথের শুকনো অন্নপ্রসাদ একে অপরের হাতে দিয়ে মন্দির চত্বরে দাঁড়িয়ে জগন্নাথকে সাক্ষী রেখে ‘মহাপ্রসাদ’ পাতাতেন। এও সই পাতানোর মতো এক ধরনের সখ্যসম্পর্ক। তারপর থেকে তাঁরা আজীবন একে অপরকে ‘মহাপ্রসাদ’ বলেই ডাকতেন। এভাবেই বাঙালির সংস্কৃতির আষ্টেপৃষ্ঠে কোথাও না কোথাও জগন্নাথ ও তাঁর রথযাত্রার ঐতিহ্য সেই মধ্যযুগ থেকেই জড়িয়ে আছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news