চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ছেলে মেয়ের উচ্চ শিক্ষা কোথায় হবে?
শিক্ষিত, শিক্ষানুরাগী ভারতীয়দের এটি একটি চর্চার বিষয়। যখন যাঁর সময় আসে, মানে যখন যাঁর সন্তান উচ্চ শিক্ষার দোরগোড়ায় পৌছয় তখনই তাঁকে এই আলোচনা করতে হয়, আলোচনায় অংশ নিতে হয়। আইআইটি দিল্লি, আইআইটি বম্বে, আইআইটি খড়গপুর কিংবা কলকাতার প্রেসিডেন্সি ও সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, লেডি ব্র্যাবোর্ন, দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, ব্যাঙ্গালোরে ক্রাইস্ট কলেজ, এমন বহু শিক্ষা প্রতিষ্ঠানের নাম উঠে আসে আলোচনায়। কিন্তু শুনতে খারাপ লাগলেও সত্যি এ দেশের কোনও শিক্ষা প্রতিষ্ঠানই গুণমানের বিচারে পৃথিবীর প্রথম ১০০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পড়ে না। অন্তত ইউনিভার্সিটির মান নির্ধারণের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংস্থা কিউএস ওয়ার্লড ইউনিভার্সিটি রেঙ্কিং (QS World University Ranking)- বিচারে উচ্চ শিক্ষার উৎকর্ষে পৃথিবীর প্রথম একশ’র মধ্যে ভারতে ঠাঁই নেই।
নেই মামার চেয়ে কানা মামা, এই প্রবাদটিকে মন থেকে মেনে নিতে পারলে উচ্চশিক্ষার উৎসাহীদের স্বস্তি দেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনলজি বম্বে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনলজি দিল্লি। এই তিনটি ভারতীয় প্রতিষ্ঠান রয়েছে দুনিয়ার সেরা দু’শ জনের তালিকায়।কোয়াকুয়ারেল্লি সায়মন্ডস বা কিউএস-এর ২০২১ এর তালিকায় এই তিনটি প্রতিষ্ঠান থাকলেও গত বছরের তুলনায় এ বছর তারা কিছু নম্বর খুইয়েছে। গতবারও এই তিনটি প্রতিষ্ঠান প্রথম দু’শ-র তালিকায় ছিল। এবার প্রথম দশটি শিক্ষা প্রতিষ্ঠান উঠে এসেছে প্রধানত আমেরিকা, ইংলন্ড আর সুইজারল্যান্ড থেকে।
এমআইটি (MIT) বা ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি রয়েছে প্রথম স্থানে। স্টানফোর্ড এবং হাভার্ড বিশ্ববিদ্যালয় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। কিউএস-এর বিচারে ভারতের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে একমাত্র দিল্লি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে প্রথম দশের তালিকায়। এছাড়া ভারতের সেরাস তালিকায় রমরমা আইআইটি গুলোর। তবে প্রথম ১১-র যদি তালিকা করা যায় তাহলে জায়গা মিলবে যাদবপুর বিশ্ববিদ্যালয়েরও।
দুনিয়ার প্রথম এক হাজার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ভারত থেকে রয়েছে মাত্র ২১ টি। এক্ষেত্রেও গত বছরের চেয়ে একটু খারাপ। গত বছর ছিল ২৪ টি। এবারের একুশটির মধ্যে রয়েছে আইআইটি ম্যাড্রাস, আইআইটি খড়গপুর, কলকাতা বিশ্ববিদ্যালয়, হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া ইসলামিয়া প্রভৃতি। মনে রাখা দরকার ভারতে সব রকম মিলিয়ে মোট এক হাজার শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যে গুলির সর্বভারতীয় গুরুত্ব আছে। এই হাজারটির মধ্যে পৃথিবীর প্রথম হাজারের মধ্যে স্থান করতে পেরেছে মাত্র ২১ টি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news