ওয়েব ডেস্ক:
ব্যয় সঙ্কোচে বড় সিদ্ধান্ত রেলের। বিদ্যুৎ খরচ ও সার্বিক ব্যবস্থাপনা খরচে রাশ টানতে চলেছে ভারতীয় রেল। আজ একথা টুইট করে জানান কেন্দ্রীয় রেলমন্ত্রী পিয়ূষ গোয়েল।
নিজের টুইটার হ্যান্ডেলে পিয়ূষ জানান, ”ব্যয় সঙ্কোচে বিদ্যুতের বিলে রাশ টানবে রেল। এইসঙ্গে দেশজুড়ে সার্বিক ব্যবস্থাপনাতেও খরচ কমানো হবে। সেক্ষেত্রে বিহার ও রাজস্থানকে যে উদ্বৃত্ত বিদ্যুৎ দিয়ে দেওয়া সেটিও ব্যবহার করবে রেল। এতে করে বছরে কমপক্ষে ১২১ কোটি টাকা বাঁচানো যাবে।’
প্রসঙ্গত, ভারতীয় রেল নিজেদের প্রয়োজনে প্রায় ১৪৭৫ মেগাওয়াট বিদ্যুৎ গ্রহণ করে থাকে ১১টি রাজ্য ও দামোদর ভ্যালি কর্পোরেশন অঞ্চলের জন্য। এতে বছরে ৩ হাজার ৬০০ কোটি টাকা খরচ কমানো সম্ভব হয়েছে। যে প্রক্রিয়া শুরু হয়েছে ২০১৫ সালের নভেম্বর মাস থেকে। সব মিলিয়ে এতে করে ১২ হাজার ৪০০ কোটি টাকা বাঁচাতে পেরেছে ভারতীয় রেল।
উল্লেখ্য, ন্যাশানাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের অধীনে ভারতীয় রেল বিজলি কোম্পানি লিমিটেড তৈরি হয় ২০১৭ সালের জানুয়ারি মাসে। বর্তমানে যার ৪টি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। একটি ইউনিট ২৭০ মেগাওয়াট করে বিদ্যুৎ তৈরি করে থাকে। যার ৯০% পেয়ে থাকে ভারতীয় রেল। বাকি ১০% দেওয়া হয় বিহারকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news