চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
উপসাগরীয় যুদ্ধের (Gulf War) পর আবারও বড়সড় এয়ারলিফট অপারেশনে ভারত সরকার। ৯ মে থেকে বিদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার কাজ শুরু করবে কেন্দ্র। জানা গিয়েছে, এই মুহূর্তে ১৩ দেশে ১৪,৮০০ ভারতীয় আটকে রয়েছেন। তাঁদের বিমান ও জাহাজে করে ফিরিয়ে আনা হবে দেশে। স্বাধীনতার পরে এটাই হতে চলেছে ভারতের সবথেকে বড় দেশে ফেরানোর প্রক্রিয়া। ৯০-ছর দশকের শেষের দিকে উপসাগরীয় যুদ্ধে ইরাক কুয়েত দখল করে নেয়। সেই সময় কুয়েতে আটকে পড়া এক লক্ষ ৭০ হাজার ভারতীয়কে বিমান পরিসেবার মাধ্যমে ফিরিয়ে আনা হয়েছিল।
সেই সময় জর্ডানের রাজধানী আম্মান থেকে আনা হয়েছিল এই ভারতীয়দের। কিন্তু এবারের অপারেশন তার থেকে অনেক বড়। কারণ, লোক সংখ্যা কম হলেও মোট ১৩টি দেশ থেকে বিভিন্ন আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর আনা হবে এই ভারতীয়দের। কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই ১৩টি দেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে আনা হবে ৬৪টি বিমানে। সেইসঙ্গে ভারতীয় নৌবাহিনীর তিনটি জাহাজে করেও ফিরিয়ে আনা হবে তাঁদের। পুরো প্রক্রিয়ার ব্লু-প্রিন্ট তৈরি হয়ে গিয়েছে বলেই জানিয়েছে বিদেশমন্ত্রক। করোনা ভাইরাসের সংক্রমনের জেরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বজুড়ে মহামারির ঘোষণা করেছে। ফলে গত এক মাসেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক বিমান পরিষেবা পুরোপুরি বন্ধ রয়েছে। এইসময় বিশ্বব্যাপী লকডাউন (Lockdown) চলছে, ফলে বহু ভারতীয় দেশের বাইরে গিয়ে আটকে পড়েছিল। তাদের কথা মাথায় রেখেই এবার সেই সমস্ত নিরুপায় মানুষজনকে দেশে ফেরানোর উদ্যোগ শুরু করেছে কেন্দ্রীয় সরকার।
অসামরিক বিমান মন্ত্রকের (Civil Aviation Ministry) তরফে জানানো হয়েছে, প্রতিটি বিমানে করে ২০০ থেকে ৩০০ যাত্রীকে ফিরিয়ে আনা হবে। বিমানের মধ্যে যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখাতে হবে। বিমানে ওঠার আগে যাত্রীদের জানাতে হবে তাঁদের জ্বর, কাশি, ডায়াবেটিস ও অন্য শ্বাসযন্ত্রের সমস্যা আছে কিনা। প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং করে নেওয়া হবে বলেও জানানো হয়েছে। শুধুমাত্র যাঁদের উপসর্গ নেই, তাঁদেরই বিমানে ওঠার অনুমতি দেওয়া হবে। এই কাজে তিনটি জাহাজকেও ব্যবহার করা হবে বলে জানিয়েছে কেন্দ্র। ভারতীয় নৌবাহিনীর আইএনএস জলস্ব ১০০০ ভারতীয়কে ফিরিয়ে আনবে।
৭ মে ১০টি বিমানে করে ২৩০০ ভারতীয়কে ফিরিয়ে আনা হবে বলেই জানিয়েছে বিদেশমন্ত্রক। ভারত থেকে আমেরিকা, ফিলিপিন্স, সিঙ্গাপুর, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহি, ব্রিটেন, সৌদি আরব, কাতার, ওমান, বাহরিন ও কুয়েতে বিমান পাঠানো হবে বলে জানা গিয়েছে। ৮ মে ৯টি দেশ থেকে চেন্নাই, কোচি, মুম্বই, আহমেদাবাদ, বেঙ্গালুরু ও দিল্লিতে প্রায় ২০৫০ ভারতীয়কে ফিরিয়ে আনা হবে বলে জানানো হয়েছে বিদেশমন্ত্রকের তরফে।
পরিকল্পনা অনুযায়ী, ৯ মে একই সংখ্যক ভারতীয়র ফিরে আসার কথা। মধ্য প্রাচ্য, ইউরোপ, দক্ষিণ-পশ্চিম এশিয়া ও আমেরিকা থেকে মুম্বই, কোচি, লখনউ এবং দিল্লিতে এসে পৌঁছবেন নাগরিকরা। এই পরিকল্পনার চতুর্থ দিন অর্থাৎ ১০ মে সরকারের তরফে ১৮৫০ ভারতীয়কে আমেরিকা, ব্রিটেন ও সংযুক্ত আরব আমিরশাহি-সহ আট দেশ থেকে ফিরিয়ে আনা হবে বলে জানানো হয়েছে। জলপথে বিশাখাপত্তনমে থাকা এই জাহাজ আরব সাগর দিয়ে ইতিমধ্যেই যাত্রা শুরু করেছে। আইএনএস শার্দুল ও আইএনএস মগর-এ করেও ফিরিয়ে আনা হবে ভারতীয়দের। প্রতিবার যাত্রায় ৩০০-র বেশি যাত্রীকে আনা হবে না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news