চ্যানেল হিন্দুস্থান ঢাকা ব্যুরো:
বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার সকাল ৯টার সময় পরীক্ষামূলকভাবে ভারতের ত্রিপুরার আগরতলায় গেছে রড ও ডাল বোঝাই চারটি কনটেইনার। এরমধ্য দিয়ে বাংলাদেশের বন্দর (Bangladesh Port) দিয়ে নিজেদের দেশে পণ্য পরিবহন শুরু করেছে ভারত। এজন্য বাংলাদেশকে নির্ধারিত মাশুল ও ফি পরিশোধ করছে ভারত। ভারতের ত্রিপুরা রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব (Biplab Kumar Deb) সকালে আগরতলা স্থলবন্দরে আনুষ্ঠানিকভাবে কন্টেইনার বোঝাই চারটি ট্রেইলার গ্রহণ করেন। ডালগুলো যাবে অসম রাজ্যের গৌহাটির ই.টি.সি. অ্যাগ্রো প্রসেসিং ইন্ডিয়া লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে। রড যাবে আগরতলা শহরের এম.এস. করপোরেশন লিমিটেডে।
বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড পরীক্ষামূলক এই ট্রানজিট পণ্য চালানের জন্য আগেই ফি নির্ধারণ করে দেয়। এর মধ্যে প্রতি চালানের জন্য ডকুমেন্ট প্রসেসিং ফি প্রতি ৩০ টাকা, ট্রান্সশিপমেন্ট ফি প্রতি মেট্রিক টনে ২০ টাকা, সিকিউরিটি চার্জ প্রতি মেট্রিক টন ১০০ টাকা, অ্যাসকর্ট চার্জ প্রতি মেট্রিক টন ৫০ টাকা, বিবিধ প্রশাসনিক চার্জ প্রতি মেট্রিক টন ১০০ টাকা, কন্টেইনার স্ক্যানিং ফি প্রতি কন্টেইনার ২৫৪ টাকা। এছাড়া ইলেকট্রিক লক অ্যান্ড সিল ফি হিসেবে বিধিমালা দ্বারা নির্ধারিত পরিমাণ দিতে হবে।
খোঁজ নিয়ে জানা যায় যে , ২০১৮ সালের ২৫ অক্টোবর বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে সম্পাদিত ‘অ্যাগ্রিমেন্ট অন দ্য ইউজ অব চট্টগ্রাম অ্যান্ড মোংলা পোর্ট ফর মুভম্যান্ট অব গুডস্ টু অ্যান্ড ফ্রম ইন্ডিয়া’ চুক্তির আওতায় এবং ২০১৯ সালের ৫ অক্টোবর উভয় দেশের মধ্যে সাক্ষরিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী বাংলাদেশের বন্দর ব্যবহার করে নিজ দেশে পণ্য পরিবহন শুরু করেছে ভারত। পরীক্ষামূলক প্রথম চালান হিসেবে চারটি কন্টেইনারে করে ৫৩.২৫ মেট্রিক টন রড ও ৪৯.৮৩ মেট্রিক টন ডাল নিয়ে গত ১৪ জুলাই চট্টগ্রাম সমুদ্রবন্দরের উদ্দেশ্যে রওনা হয় এমভি ‘সেঁজুতি’ নামের জাহাজ। এ জাহাজটি গত মঙ্গলবার দুপুরে বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্রবন্দরে নোঙর করে।
বাংলাদেশের ‘ম্যাংগো লাইন লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ভারত থেকে পণ্যগুলো পাঠিয়েছে ‘ডার্সেল লজিস্টিক লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠান। এসকল পণ্য পরিবহনের দায়িত্বে ছিলো কাস্টমস্ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সি এন্ড এফ) আদনান ট্রেড ইন্টারন্যাশনাল। আখাউড়া স্থলবন্দর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা হারুনুর রশীদ জানান, বাংলাদেশ ও ভারতের চুক্তির আওতায় প্রথম চারটি কন্টেইনার আগরতলায় গেছে। এর জন্য মাশুল এবং প্রয়োজনীয় ডকুমেন্টস যথারীতি চট্টগ্রাম কাস্টমস্ হাউজে প্রসেসিং করা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news