চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
দুঃস্বপ্নের মধ্যে একটি স্বপ্ন অন্তত পুরণ হচ্ছে! এবার সত্যিই বোমা নয়, গুলি নয়, ফুল ঝরে পড়বে যুদ্ধ বিমান থেকে। অভিবাদন জানাবে করোনা যোদ্ধাদের। ঘোষণা আগেই হয়েছিল। আজ, রবিবার সকাল থেকে আকাশে চোখ রাখার দিন। প্যারাট্রুপারের মতো চকোলেট টফি রাশি রাশি না পড়লেও পড়বে অভিবাদনের গোলাপ। অভিবাদন জানাবে ভারতীয় সেনাবাহিনী। একটানা মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে চলেছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী, পুলিশ ও সংবাদমাধ্যমের কর্মীরা। এবার তাঁদের অভিবাদন জানাবে ভারতীয় সেনাবাহিনীর তিন শাখা। কোভিড-১৯ (COVID-19) যোদ্ধাদের ধন্যবাদ জানাতে রবিবার দেশের হাসপাতালগুলির উপরে আকাশ থেকে পুষ্পবৃষ্টি করবে সেনা। আলোকসজ্জায় সজ্জিত করা হবে যুদ্ধ জাহাজগুলিকে। স্থলবাহিনী করবে কুচকাওয়াজ। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত (Bipin Rawat)। ওইদিন তাঁর সঙ্গে ছিলেন তিন সেনাপ্রধান।
এদিন জানানো হয়েছে, রবিবার বায়ুসেনা ‘ফ্লাইপাস্ট’ করবে। আকাশপথে কাশ্মীর থেকে কন্যাকুমারী এবং উত্তর-পূর্বের অসম থেকে গুজরাতের কচ্ছ পর্যন্ত চলবে এই সেনাবাহিনীর উড়ান। ভারতীয় উপকূলে নৌবাহিনী জাহাজগুলিকে আলোকসজ্জায় সজ্জিত করা হবে। এছাড়াও হেলিকপ্টার থেকে হাসপাতালগুলির ওপরে ফুলের পাপড়ি বর্ষণ করা হবে কুর্ণিশ জানাতে। হাসপাতালের বাইরে স্থল বাহিনীর তরফে ব্যান্ড বাজানো হবে, হবে কুচকাওয়াজ। অধিকাংশ জেলার হাসপাতালের সামনে নানা অনুষ্ঠানের আয়োজন করে তাদের সম্মান জ্ঞাপন করবে সেনাবাহিনী। করোনা ভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধে দেশের পুলিশবাহিনীর ভুমিকাও উল্লেখযোগ্য। সেই কারণেই পুলিশ মেমোরিয়ালে পুষ্পস্তবক দেবেন সেনা জওয়ানরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news