ওয়েব ডেস্ক:
কাশ্মীর নিয়ে উস্কানিমূলক বার্তা ছড়ানোয় পাকিস্তানের ২০০টি টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করল টুইটার কর্তৃপক্ষ। প্রসঙ্গত, কাশ্মীরে ৩৭০ ধারা রদ হতেই এই বিষয়টি ঘিরে আপত্তিকর এবং উস্কানিমূলক টুইট শুরু হয় পাকিস্তানে। যে কারণে সোশ্যাল মিডিয়া সংস্থাটিকে আগেই সতর্ক করেছিল ভারতের কেন্দ্রীয় সরকার। এবার একই ধরনের টুইট বাড়তে থাকায় পাকিস্তানের ২০০টি টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিল সংস্থাটি। উল্লেখ্য, পাকিস্তান সরকারের পক্ষ থেকেও এই ঘটনার কথা স্বীকার করা হয়েছে।
ভারতের অভিযোগের ভিত্তিতে কাশ্মীর ইস্যুতে বিভ্রান্তিকর টুইট করা হচ্ছে এমন ৭-৮টি অ্যাকাউন্ট চিহ্নিত করে প্রথমে সেগুলিকে সাসপেন্ড করে টুইটার। জানা গিয়েছে, পরে একই কারণে পাকিস্তানের মোট ২০০টি টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড হওয়া অ্যাকাউন্টগুলির মধ্যে রয়েছে পাকিস্তানের বেশ কিছু সরকারি আধিকারিক, সাংবাদিক ও একাধিক সমাজকর্মীর অ্যাকাউন্ট।
এদিকে সংস্থাটি প্রচুর অ্যাকাউন্ট এভাবে সাসপেন্ড করার পর প্রতিবাদ শুরু করেছে পাকিস্তানিরা। #StopSuspendingPakistanis— এই হ্যাশট্যাগকে সামনে রেখে টুইটারের এই পদক্ষেপের বিরোধিতায় সরব হয়েছেন পাকিস্তানের অসংখ্য মানুষ। এই প্রসঙ্গে টুইটার কর্তৃপক্ষের থেকে অবশ্য কোনওরকম বিবৃতি মেলেনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news