নীল রায়।
উপনির্বাচনে নিষ্ক্রিয় পুলিশ আধিকারিকদের শাস্তির দাবি জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। সোমবার তিন উপনির্বাচন শেষে এক লিখিত বিবৃতি জারি করেন তিনি। সেখানে তিনি লিখেছেন, “আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি, নির্বাচনের দিন এমন নিস্ক্রিয় পুলিশ অফিসারদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক,যাতে আগামী দিনে এরাজ্যে যেকোনো নির্বাচনে পুলিশ ও প্রশাসন যথাযথভাবে নিজেদের দায়িত্ব পালনে সজাগ থাকে।” উপভোট বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনার উল্লেখ করে সোমেন মিত্র বলেন, “এই উপনির্বাচনও অবাধ ও শান্তিপূর্ণ হলো না। রাজ্য পুলিশ প্রশাসন যেমন নিস্ক্রিয় ছিলেন, তেমনই কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কেন্দ্রীয় বাহিনীকেও সক্রিয় ভাবে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রহরী রূপে আমরা দেখতে পেলাম না।”
এই ভোট যুদ্ধে তাঁরা যে দুর্বল পক্ষ তা কার্যত মেনে নিয়েছেন সোমেন মিত্র। তিনি বলেন, “অর্থের অপ্রতুলতা, পুলিশ ও প্রশাসনের অসহযোগিতা এসবকে উপেক্ষা করেই আমাদের কর্মীরা তিন কেন্দ্রে রাজনৈতিক লড়াই চালিয়েছেন।” অসম এই লড়াই প্রসঙ্গে এই বর্ষীয়ান কংগ্রেস (Congress) নেতা বলেন, “রাজ্যের তিনটি বিধানসভা খড়গপুর (সদর), কালিয়াগঞ্জ এবং করিমপুর কেন্দ্রের উপনির্বাচনে যখন বিজেপি ও তৃণমূল সাম্প্রদায়িক উস্কানি এবং মেরুকরণের রাজনীতিকে হাতিয়ার করে প্রচার চালিয়েছে তখন আমরা কংগ্রেস ও বামফ্রন্ট একযোগে জোট প্রার্থীদের হয়ে মানুষের রুটি-রুজির সমস্যা, রাজ্যে অাইনশৃঙ্খলার অবনতি,সাম্প্রদায়িক সৌভ্রাতৃত্ব এবং গণতন্ত্র রক্ষার লড়াই কে সামনে রেখে মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছি।”
সোমেন মিত্রের বিবৃতির কোনও পর্বে করিমপুরে (Karimpur) তৃণমূল কর্মীদের বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে (Joypraksh Majumder) লাথি মেরে ঝোপে ফেলে দেওয়ার ঘটনা উল্লেখ করা হয়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news