চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
ওড়িশায় করমন্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। অন্যদিকে ভয়াবহ এই দুর্ঘটনার জন্য রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আহত ও নিহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যও ঘোষণা করেন তিনি।
শনিবার সকাল ১২.৩৫ নাগাদ হেলিকপ্টারে বালেশ্বরে পৌঁছান বাংলার মুখ্যমন্ত্রী। হেলিপ্যাডে নেমে বিধায়কদের সঙ্গে দেখা করে সোজা চলে যান ঘটনাস্থলে, খতিয়ে দেখেন পরিস্থিতি। এরপরই নিহতদের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা করে ঘোষণা করেন তিনি। আহতদের জন্য ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।
পাশাপাশি মুখ্যমন্ত্রী এও জানান, বাংলা থেকে আড়াইশোরও বেশি অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়েছে। ৪০ জন ডাক্তার ঘটনাস্থলে কাজ করছেন। এছাড়াও বাংলার যাত্রীদের বাড়ি ফেরাতে বাস পরিষেবার ব্যবস্থাও করা হয়েছে। ওড়িশা সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার বার্তাও দেন মুখ্যমন্ত্রী নিজেই।
তবে এই দুর্ঘটনাকে ‘শতাব্দীর সবচেয়ে বড় দুর্ঘটনা’ আখ্যা দিয়ে রেলকে তোপ দাগতেও ছাড়েননি প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পাশে দাঁড়িয়েই বলে দেন, “আমি তিন বছর রেলমন্ত্রী হিসেবে কাজ করেছি। কিন্তু এখন মনে হয় রেলে নিজেদের মধ্যে কোনও কো-অর্ডিনেশন নেই। কীভাবে এমন ভয়ংকর ঘটনা ঘটল তার ভাল করে তদন্ত করা হোক।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news