নিজস্ব সংবাদদাতা:
নাগরিত্ব সংশোধনী আইন নিয়ে ইমরানের মন্তব্যের পাল্টা দিল ভারত। শরণার্থী সংক্রান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর মন্তব্যের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমারের প্রতিক্রিয়া, পাকিস্তান নিজের সমস্যা নিয়ে ভাবুক, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে তাদের নাক গলানোর প্রয়োজন নেই।
প্রসঙ্গত, মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আশঙ্কা করে বলেন, জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি এবং ভারতের নতুন নাগরিকত্ব আইনের চাপে কয়েক মিলিয়ন মুসলমান ভারত ছেড়ে পালাতে পারে। এতে শরণার্থী সংকট তৈরি হতে পারে পাকিস্তানে। ইমরান বলেন, মোদী ভারতে তার হিন্দুত্বের এজেন্ডা নিয়ে এগিয়ে চলেছে। প্রথমে জম্মু ও কাশ্মীরকে ভারতের সংবিধানের সঙ্গে ‘অবৈধভাবে’ একত্রিত করা, পরে অসমে NRC লাগুর জন্য দুই মিলিয়ন ভারতীয় মুসলমানকে আলাদা করা হয়েছে। ইমরানের মতে, অভ্যন্তরীণ শিবির স্থাপন করে ও নাগরিকত্ব সংশোধনী আইন এনে মুসলিম সম্প্রদায়কে কোণঠাসা করা হচ্ছে ভারতে। টুইট করে তিনি বলেন, পাকিস্তানের পক্ষে এই সমস্ত শরনার্থীকে আশ্রয় দেওয়া সম্ভব না। এই বিষয়ে আন্তর্জাতিক পদক্ষেপের প্রয়োজন রয়েছে।
এদিন ইমরানের এমন মন্তব্যেরই জবাব দিল ভারত। ভারতের বিদেশ মন্ত্রক জানায়, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সমস্ত বক্তব্যের উত্তর দেওয়ার প্রয়োজন দেখছি না। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, “সমস্ত মন্তব্য অযৌক্তিক, ইমরানের ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলার চেয়ে পাকিস্তানের সংখ্যালঘুদের সমস্যার বিষয়ে মনোযোগ দেওয়া উচিত।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news