চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ভারত কারাকোরামে রাস্তা তৈরি বন্ধ করলেই নিয়ন্ত্রণ রেখা থেকে সেনাবাহিনী সরানোর বিষয়ে ভাবনা চিন্তা করবে চিনা সরকার (China Govt.)। শনিবার লাদাখে নিয়ন্ত্রণরেখার কাছে বৈঠক হয় ভারত ও চিনের সেনা আধিকারিকদের মধ্যে। সূত্রের খবর, বৈঠকে ভারতের তরফে দাবি করা হয়, চিনা সেনা এপ্রিল মাসে তাদের পুরোনো অবস্থানে ফিরে যাক। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় অনুপ্রবেশ থেকে পিছু হটে ভারতীয় ভূখণ্ড থেকে সেনা সরাক তারা। জবাবে লাল ফৌজের পক্ষ থেকে জানানো হয়েছে, “ভারত কারাকোরাম পাসের কাছে পাকা রাস্তা তৈরির কাজ বন্ধ করলেই তারা সরে যাওয়ার ব্যাপারে ভাবনা চিন্তা করবে। রাস্তা তৈরি বন্ধ না হলে তারা সরবে না।”
এদিন মালডো এলাকায় লালফৌজের সেনাঘাঁটিতে আমন্ত্রিত ছিলেন ভারতীয় সেনা অফিসাররা (Indian Army Officer)। সকাল সাড়ে এগারটার নাগাদ বৈঠক শুরু হয়। ভারতীয় সেনা অফিসারদের নেতৃত্ব দেন লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং। চিনের তরফে ছিলেন ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের মেজর জেনারেল লিন লিউ। বৈঠক চলে প্রায় ঘণ্টা চারেক। বৈঠকের শেষে আলোচনার ফলাফল কিছুক্ষণের মধ্যেই লিন লিউ জানিয়ে দেন তাঁর রিপোর্টিং বস কমান্ডার জু ওইলিংকে।
বৈঠক শেষ হওয়ার কিছুক্ষণ পরই তার রিপোর্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সচিবালয় (PMO) সহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে, বিদেশমন্ত্রী এস জয়শংকরকে এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে যাবতীয় বিষয় জানিয়ে দেওয়া হয়েছে লাদাখে সেনাবাহিনীর ১৪ নম্বর কোরের তরফ থেকে। এ প্রসঙ্গে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, “লাদাখের চলতি অচলাবস্থা নিয়ে এদিন দুই দেশের সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক চলে কয়েক ঘণ্টা। বৈঠকে কিছুটা ইতিবাচক আলোচনা হয়েছে। এদিনের বৈঠক ছিল দুই দেশের সেনাবাহিনীর মধ্যে আস্থাবর্ধক পদক্ষেপের অংশ। ঠিক হয়েছে, আগামী দিনে এই ইস্যুতে কূটনৈতিক অসামিরক পর্যায়ে আলোচনা চালিয়ে যাওয়া হবে। বৈঠকে দুই দেশের সেনা প্রতিনিধিদের মধ্যে এদিন যা যা আলোচনা ও অগ্রগতি হয়েছে তা সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানে, সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াত, প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকদের জানানো হয়েছে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news