নীল রায়।
“মিড-ডে মিলে ডিম খাওয়াবো কোথা থেকে?” সোমবার পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক বৈঠক এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “মিড ডে মিলে আমরা ছাত্রছাত্রী পিছু ৪ টাকা ৩১ পয়সা পাই। তাই দিয়ে ডিম খাওয়াব কোথা থেকে?” এখানেই থেমে না থেকে মুখ্যমন্ত্রী আরও বলেন, “একটা ডিমের দাম কত? ৬ টাকা? কত যেন? ৪ টাকা ৩১ পয়সায় ভাল করে ভাত-ডালই হয় না। তো ডিম! তাও আমরা চালটা বিনামূল্যে দিই বলে! আমি বলছি, মিড ডে মিলে ভাত-ডাল আরেকটা তরকারি পেট ভরে খাওয়ানোর ব্যবস্থা করুন”।
সম্প্রতি হুগলি জেলার চুঁচুড়া বিধানসভার বাণীমন্দির বালিকা বিদ্যালয়ের মিড ডে মিলে ছাত্রীদের নুন ভাত খাওয়ানোর অভিযোগ ওঠে। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় স্কুলে গিয়ে ছাত্রীদের সঙ্গে কথা বলে প্রতিবাদ করায় বিষয়টি সংবাদমাধ্যমের শিরোনামে আসে। তারপর সোশ্যাল মিডিয়ায় রটে যায় ঘটনা থেকে শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ সরকার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিদিন পুষ্টিকর মিলের বন্দোবস্ত করেছে। সঙ্গে একটি তালিকা দিয়ে দাবি করা হয় প্রতিদিন মিড ডে মিলের মেনু পরিবর্তন করে এই পুষ্টিকর খাবার দেওয়া হবে। সেই সংবাদ যে আদৌ সত্য নয়, এদিন তা স্পষ্ট করে দেন মমতা। এ প্রসঙ্গে তিনি বলেন, “এই যে সংবাদমাধ্যমে সব লিখে দিচ্ছে মিড ডে মিলে নাকি সাত দিনে সাত রকম পদ খাওয়ানো হবে? এগুলো কি ঠিক? আমি নিজেই জানি না আর ওরা লিখে দিচ্ছে?”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news