চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
কোভিড-১৯ (Covid-19) টেস্টের নিরিখে সবচেয়ে এগিয়ে ভারত। এখনও পর্যন্ত প্রায় ছয় কোটির কাছাকাছি করোনা পরীক্ষা হয়েছে দেশে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর হিসেবে এখনও পর্যন্ত কোভিড পরীক্ষা হয়েছে ৫ কোটি ৮৩ লক্ষ ১২ হাজার ২৭৩। সোমবার দেশে নমুনা পরীক্ষা হয়েছে প্রায় ১১ লাখের কাছাকাছি। ভারতে কোভিড-১৯ টেস্টের ল্যাবরেটরির সংখ্যা বেড়েছে। মোট ১৭২৬টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হচ্ছে যার মধ্যে সরকারি ল্যাবরেটরি ১০৫৩টি ও বেসরকারি ল্যাব রয়েছে ৬৭৩টি। সবচেয়ে বেশি হয়েছে রিয়েল টাইম আরটি-পিসিআর টেস্ট। সরকারি ও বেসরকারি মিলিয়ে দেশের ৮৭৫টি ল্যাবরেটরিতে আরটি-পিসিআর টেস্ট হচ্ছে। ট্রুন্যাট টেস্ট হচ্ছে ৭২৯টি ল্যাবরেটরিতে।
বেশি টেস্টের ফলে মঙ্গলবার সকালের বুলেটিনে দেখা গেল দৈনিক সংক্রমণ বৃদ্ধির হার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ৮৩ হাজার ৮০৯ জন। করোনায় মৃত্যুহার কমেছে। শেষ ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে ১০৫৪ জনের। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮০ হাজারের বেশি মানুষের। মৃত্যুহার ১.৬৪ শতাংশ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মৃত্যুহার একের নীচে নামিয়ে আনাই লক্ষ্য। তার জন্য চার ‘টি’ ফর্মুলায় কোভিড টেস্ট, কনট্যাক্ট ট্রেসিং, রোগীদের শনাক্তকরণ এবং তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। দেশে এখন করোনায় সুস্থতার হার ৭৮.২৮ শতাংশ। কেন্দ্রের হিসেবে একদিনে সংক্রমণ সারিয়েছেন ৭৯ হাজার ২৯২ জন। দেশে এখন কোভিড জয়ীদের সংখ্যা ৩৮ লাখ ৫৯ হাজার ৩৯৯ জন।
দেশে করোনা রোগীর সংখ্যা ৪৯ লাখ পেরিয়ে গেছে। সংক্রমণের নিরিখে আমেরিকার পরেই বিশ্বের দু’নম্বর জায়গায় বসে আছে ভারত। আগে ব্রাজিলের সংক্রমণ বৃদ্ধির হার ছিল ভারতের চেয়ে বেশি। এখন ব্রাজিলকেও টপকে গেছে ভারত। করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যাও ১০ লাখ ছুঁতে চলেছে। অ্যাকটিভ কেস প্রায় ২১ শতাংশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news