সূর্য সরকার।
ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজের জন্য মধ্য কলকাতার বৌবাজার এলাকায় ক্ষতিগ্রস্থ বাসিন্দাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে রাজি মেট্রো কর্তৃপক্ষ। তবে উর্ধ্বতন কর্তাদের সঙ্গে কথা বলেই ক্ষতিপূরণের পরিমান স্থির করা হবে বলে জানিয়ে দিয়েছেন তাঁরা। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে একথা জানিয়েছেন উপস্থিত মেট্রো কর্তারা। এদিনের বৈঠকে রাজ্য সরকারের তরফে ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে এখনই এককালীন পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরন দেওয়ার আবেদন জানানো হয়। মঙ্গলবার দুপুর পর্যন্ত ওই এলাকার বাহান্নটি বাড়ি কমবেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। মেট্রো কতৃপক্ষ তাদের বাড়ির পরিবর্তে বাড়ি এবং দোকানের পরিবর্তে নতুন দোকান করে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে। যতদিন পর্যন্ত সেই কাজ শেষ না হচ্ছে তাদের অন্যত্র থাকার খরচও মেট্রো কর্তৃপক্ষ বহন করবে।
মু্খ্যমন্ত্রী জানান, পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার মুখ্যসচিব মলয় দে-র নেতৃত্বে একটি কোর গ্রুপ তৈরি করা হচ্ছে। তারা মেট্রো কতৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন। তিনি বলেন, “ভবিষ্যতে এই ধরনের বিপর্যয় এড়াতে আরও সতর্ক হওয়া উচিত। সম্পূর্ণ ভাবে বিশেষজ্ঞদের দিয়ে সমীক্ষা করে দেখা উচিত যাতে এই ধরনের বিপর্যয় আর ভবিষ্যতে না হয়”। মুখ্যসচিবের নেতৃত্বে একটি কোর গ্রুপ তৈরি করে দেওয়া হয়েছে, যাঁরা নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।’ যে পরিবারগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের মধ্যে শীল পরিবারও রয়েছে। ওই পরিবার যে বাড়িতে থাকত, সেটি এদিন ভেঙে পড়েছে। ওই পরিবারের মেয়ের বিয়েতে রাজ্য সরকার পাঁচ লক্ষ টাকা সাহায্য করবে। মেট্রোকেও সমপরিমাণ অর্থ সাহায্যের অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। মমতা জানিয়েছেন, মোট বাহান্নটি বাড়ি মেট্রোর কাজের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের বাড়িতে চুরি রুখতে বসানো হবে সিসিটিভি। কেএমআরসিএল-র এমডি মানস সরকার জানিয়েছেন, বউবাজারে যে বিপত্তি ঘটেছে,তাতে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ শেষ হতে আরও অন্তত এক বছর সময় বেশি লাগবে।
মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি সি মিশ্র বলেন, “পরিস্থিতির উন্নতিতে কি ব্যবস্থা নেওয়া যায় তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই সিঙ্গাপুর ও হংকং থেকে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের নিয়ে আসা হয়েছে। খুব ঘিঞ্জি এলাকা হওয়ায় সেখানে কাজ করতে চূড়ান্ত অসুবিধা হচ্ছে।” আগামী দু’দিনের মধ্যে সেখানকার অবস্থার উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন তিনি। শনিবার রাতে এই ঘটনা ঘটার পরেই জেনারেল ম্যানেজার গোটা বিষয়টি রেলমন্ত্রী পী্যূষ গোয়েল এবং রেল মন্ত্রককে জানিয়েছেন । এদিনের বৈঠকে অন্যান্যদের মধ্যে পুরমন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম, কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা, রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিত কর পুরকায়স্থ, পূর্ত, বিপর্যয় ব্যবস্থাপন দপ্তরের সচিব, স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news