চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
এবারও পুজোয় কড়া বিধি নিষেধ বহাল রাখল কলকাতা হাইকোর্ট। শুক্রবার পুজো সংক্রান্ত মামলার এক শুনানিতে এই রায় দিয়েছে প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশ অনুযায়ী, গত বছর ১৯ ও ২১ অক্টোবর দেওয়া নির্দেশ জারি রাখার আবেদন মেনে এবারেও মন্ডপে সাধারণ মানুষের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা থাকছে। রাজ্য সরকারের পক্ষে এডভোকেট জেনারেল আদালতে জানিয়েছিলেন, দুর্গা ও কালীপুজোয় মণ্ডপে সাধারণ মানুষের প্রবেশের ওপর নিষেধাজ্ঞার নির্দেশ দিলে তাতে আপত্তি করা হবে না। ফলে এবারেও দুর্গাপুজো থেকে কালী পুজোয় দর্শক শূন্য হতে যাচ্ছে মন্ডপ। গতবছরও কলকাতা হাইকোর্টের নির্দেশে মণ্ডপে ঢুকে ঠাকুর দেখা হয়নি কলকাতাবাসীর। সেই নির্দেশের কারণে বারাসতের কালী পুজো থেকে শুরু করে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ক্ষেত্রেও তেমনই বিধি-নিষেধ জারি ছিল।
প্রসঙ্গত, বৃহস্পতিবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল, করোনা ভাইরাসের সংক্রমণের পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে এলেও বিধিনিষেধ পুরোপুরি উঠে যাচ্ছে না। রাতের ঘোষণা অনুযায়ী বিধিনিষেধের মেয়াদ বেড়ে ৩০ অক্টোবর করেছে রাজ্য। নবান্নের তরফে আরও জানানো হয়েছে, দুর্গাপুজোর দিনগুলিতে রাতে বিধিনিষেধে কিছুটা ছাড় দেওয়া হবে। ছাড় মিললেও পুজো মণ্ডপ যে এবারও দর্শক শূন্য থাকবে, তা অবশ্য শুক্রবার আদালতের নির্দেশে স্পষ্ট হয়ে গেল। নবান্নের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বর্তমানে যে সব করোনা বিধি নিষেধ রাজ্যে চালু রয়েছে তেমনটাই চলবে অক্টোবর মাসেও। সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত বলবৎ ছিল বিধিনিষেধ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news