সূর্য সরকার । ভাটপাড়া, নৈহাটী, হালিশহর, বনগাঁ এবং কাঁচারাপাড়ার পর আবার হরিণঘাটা পুরসভাও চিন্তা বাড়াল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। আচমকাই পদত্যাগ করলেন তৃণমূল পরিচালিত হরিণঘাটা পুরসভার চেয়ারম্যান রাজীব দালাল। কল্যাণীর মহকুমা শাসকের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন তিনি। আপাতত চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন হরিণঘাটা পুরসভার ভাইস চেয়ারম্যান সঞ্জীব রাম।
কিছুদিন আগে অবশ্য উত্তর২৪ পরগনার কাঁচরাপাড়ায় বিজেপি নেতা মুকুল রায় ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের হাত ধরে বিজেপি দলে যোগ দেন এই পুরসভার ৭ জন কাউন্সিলর। বাকি ১০ কাউন্সিলর অবশ্য এখনও তৃণমূলেই আছেন। ফলে কৌশলে বিজেপি অনাস্থা আনলে হার হতে পারে তাদের। এমনই আশঙ্কা তৃণমূলে। এমন পরিস্থিতি আঁচ করে আগেই স্বেচ্ছায় পদত্যাগ করেছেন পুরপ্রধান। সূত্রের খবর লোকসভা ভোটে বনগাঁর অন্তর্গত হরিণঘাটায় ব্যাপক পেয়েছিলেন সাংসদ শান্তনু ঠাকুর। তারপর থেকেই এলাকায় দাপট দেখানো শুরু করেছেন গেরুয়া শিবির। যার জেরে ক্রমে মনোবল হারাচ্ছে এলাকার তৃণমূল নেতাকর্মীরা।
সূত্রের খবর, কয়েকদিন আগে পুরসভার বোর্ড অফ কাউন্সিলরদের বৈঠকে চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি চান রাজীব দালাল। সঙ্গে সঙ্গে আবেদন গৃহীতও হয়ে যায়। এরপরই কল্যাণীর মহকুমা শাসকের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেন চেয়ারম্যান। আপাতত পুরসভার দায়িত্ব সামলাবেন ভাইস চেয়ারম্যান সঞ্জীব রাম। কিছুদিনের মধ্যেই কাউন্সিলরদের বৈঠক ডেকে নতুন পুরপ্রধান নির্বাচিত করা হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news