নীল রায়।
রাজ্য সরকারের প্রশাসনিক গাফিলতি দেখেই বাধ্য হয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেতে হয় রাজ্যপালকে। শুক্রবার প্রেস বিবৃতি দিয়ে এমনটাই জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। রাজ্যপাল হওয়ার পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) আচার্যও তিনি। বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে (Babul supriyo) হেনস্তার ঘটনা ঘটলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যান রাজ্যপাল। কয়েক ঘণ্টা আটকে থাকার পরে, বাবুল সুপ্রিয়কে নিজের গাড়িতে নিয়ে রাজভবনে আসেন রাজ্যপাল। এই ঘটনায় রাজ্য প্রশাসনের দিকেই আঙুল তুলে প্রেস বিবৃতিতে বলা হয়েছে, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পরেও তা সামাল দেওয়ার মতো পর্যাপ্ত প্রস্তুতি ও নিরাপত্তা পুলিশের ছিল না। প্রেস বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে বাবুল সুপ্রিয়কে নিয়ে আসার সময়ে যে পরিস্থিতির সম্মুখীন হন রাজ্যপাল, তা নিয়ে রাজ্য সরকার মিথ্যচার করছে। রাজ্য সরকারের তরফে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha chatterji) বিবৃতি দিয়ে সমালোচনা করেন রাজ্যপালের। আক্রমণের সুরে বলা হয়, “বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ব্যাপারে মাননীয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনও আলোচনা করেননি রাজ্যপাল।”
এ দিন রাজ্যপাল পাল্টা জানালেন, সরকারি নিয়ম-কানুনের ব্যাপারে তিনি যথেষ্ট ওয়াকিবহাল। তাই নবান্নের শীর্ষ মহলে একাধিক বার যোগাযোগ করেন তিনি এ ব্যাপারে। শেষমেশ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ফোনও করেন। কয়েক বার কথা হয় তাঁদের মধ্যে। মুখ্যমন্ত্রীকে সব জানিয়েই তিনি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন রাজ্যপাল। কিন্তু সেই কথোপকথন শিক্ষামন্ত্রী বা তৃতীয় কারও জানার কথা নয় বলেই দাবি তাঁর।
রাজ্যপাল জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের তরফে পার্থ চট্টোপাধ্যায় গতকাল যে বিবৃতি দিয়েছেন, তা মিথ্যে এবং ভুল। রাজ্যপাল যাদবপুরে যাওয়ার আগে মুখ্যমন্ত্রীকে কিছু জানাননি– এই দাবি মোটেই সঠিক নয়। তথ্যের এই বিভ্রান্তি দুর্ভাগ্যজনক। তিনি আরও জানান, আচার্য হিসেবে তিনি যে কোনও সময়ে বিশ্ববিদ্যালয়ে যেতেই পারেন। মতামতও রাখতে পারেন।
ওই প্রেস বিবৃতিতেই রাজ্যপাল জবাব দিয়েছেন। বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেই তিনি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তিনি আচার্য। সমস্ত ছাত্রছাত্রীর অভিভাবকের মতো। তাই কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় যখন সেখানে আটকে থাকেন এবং সেই অবস্থায় উপাচার্য ও সহ-উপাচার্যকে হাসপাতালে ভর্তি করতে হয়, তখনই তিনি সেখানে গিয়ে পৌঁছন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news