ওয়েব ডেস্ক:
তৃণমূলের হামলা রুখে গোবরডাঙা কলেজে স্মারকলিপি জমা দিল এবিভিপি। এদিন এবিভিপির স্মারকলিপি প্রদান কর্মসূচি নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়াল গোবরডাঙা হিন্দু কলেজ চত্ত্বরে। গেরুয়া শিবির অভিযোগ করে, তাঁদের ওপর হামলা চালিয়েছে তৃণমূল কর্মীরা। অন্যদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ, বহিরাগত এনে কলেজে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে বিজেপির ছাত্র সংগঠনটি।
সূত্রের খবর, উত্তেজনা পুরনো। গোবরডাঙা কলেজে এবিভিপির ইউনিট খোলা নিয়ে আপত্তি রয়েছে তৃণমূলের ছাত্র সংগঠনের। বিজেপির সরাসরি অভিযোগ করে, কলেজে ইউনিট খোলার চেষ্টা করলে বাধা দেয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। প্রসঙ্গত, গোবরডাঙা কলেজের ছাত্র সংসদ বহু দিন যাবৎ তৃণমূল ছাত্র পরিষদের দখলে। এরমধ্যে মঙ্গলবার সকালে কলেজের অধ্যক্ষকে স্মারকলিপি জমা দিতে যান এবিভিপির সদস্যরা। ওই স্মারকলিপিতে তাঁরা একাধিক দাবি জানান। যেমন, কলেজে ভর্তি ফি নেওয়া বন্ধ করতে হবে। ভর্তিতে দালালরাজ চলবে না। কলেজে বহিরাগত-প্রবেশ বন্ধ-সহ আরও কিছু দাবি নিয়ে স্মারকলিপি দিতে কলেজ খোলার আগেই কলেজের সামনে জড়ো হন গেরুয়া ছাত্র সংগঠনের সদস্যরা।
অভিযোগ, সে সময় তৃণমূলের গাড়ি চালক ইউনিয়নের বেশকিছু সদস্যরা তাদের ওপর হামলা চালায়। এমনকী মারধর করা হয় ছাত্রদের। তবে এই ঘটনার পরেও কলেজ খুললে শেষ পর্যন্ত অধ্যক্ষকে স্মারকলিপি জমা দেয় এবিভিপি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news