নিজস্ব সংবাদদাতা:
লক্ষ্মী পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন ১০০ জন। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানার জামদানি বোসপাড়া এলাকায়। বৃহস্পতিবার রাতেই ৫ জনকে ঠাকুরনগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শুক্রবার রাত থেকে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪০ জন। খবর পেয়ে গ্রামে চিকিৎসক দলের সদস্যরা হাজির হন। শুরু হয় জরুরি চিকিৎসা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার লক্ষ্মী পুজো উপলক্ষে প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ ছিল গ্রামের বিভিন্ন বাড়িতে। এদিন ফল প্রসাদের সঙ্গে গ্রামবাসীরা বিভিন্ন বাড়িতে প্রসাদী খিচুড়িও খান। বৃহস্পতিবার সকাল থেকে গ্রামবাসীরা পেটে ব্যাথা, বমি, পায়খানা করতে শুরু করেন। বিষয়টি জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। অসুস্থদের ঠাকুরনগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। এই মুহূর্তে গ্রামে মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা চলছে। প্রাথমিক অনুমান, খাদ্যে বিষক্রিয়ার কারণেই এই ঘটনা ঘটেছে বলে মনে করছে চিকিৎসকরা। ওই এলাকায় জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news