চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আমফান ঘূর্ণিঝড়ের (Amphan Cyclone Strom) দাপটে ওড়িশা ও পশ্চিমবঙ্গের বেশকিছু ডিভিশনে বন্ধ রাখা হবে শ্রমিক স্পেশাল ট্রেনের যাতায়াত। পরিস্থিতি খতিয়ে দেখে এমনটাই নির্দেশ দিয়েছে রেল মন্ত্রক। ঘূর্ণিঝড়ের দুর্যোগ প্রস্তুতিতে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ তারা। ১৯৯৯ সালের সুপার সাইক্লোন কিংবা গতবছরের ফণী বা বুলবুলের মতো ঘূর্ণিঝড়ের দুর্যোগে ঘটনা থেকে শিক্ষা নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে।
এ প্রসঙ্গে দক্ষিণ-পূর্ব রেলের (South Eastern Railway) অন্তর্গত খড়গপুরের ডিআরএম বলেছেন, “বুধবার থেকে কোনও শ্রমিক স্পেশাল ট্রেন ওই ডিভিশনে নেওয়া হবে না। প্রয়োজনে মালগাড়ির চলাচল বন্ধ রাখা হবে। পাশাপাশি প্রতি মুহূর্তে জলস্তর ও ঝড়ের গতিমুখের দিকে নজর রাখা হয়েছে। নদী ব্রীজগুলির উপর সর্বদা নজর রেখেছে কর্মীরা। রিলিফ ট্রেন রাখা রয়েছে বিপদের আশঙ্কা থাকে স্টেশনগুলিতে। সমস্ত টাওয়ার ভ্যান কর্মী সমেত লাইনে নামানো হয়েছে। রাজ্য ও কেন্দ্রের আবহাওয়া অফিসের সঙ্গে যোগাযোগ রেখে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।”
প্রায় একই সুরে পূর্ব রেলের (Eastern Railway) অন্তর্গত হাওড়ার ডি আর এম ইশাক খান বলেন, “সাইক্লোনে সবচেয়ে ভয়াবহ গাছ পড়ে ওভেরহেড তার ছিঁড়ে যাওয়ার মতো ঘটনা। নদীর জল বিপদসীমা অতিক্রম করে লাইনে ধস নামাতে পারে। ডিভিশনের এগারোটি টাওয়ার ভ্যান বিভিন্ন জায়গায় রাখা হয়েছে। এডিআরএমকে মনিটরিং করতে কন্ট্রোলে রাখা হয়েছে। হাওড়া, বর্ধমান ও রামপুরহাট ব্রেক ভ্যান রাখা হয়েছে। শিয়ালদহ দক্ষিণ শাখা উপকূলবর্তী শাখা হওয়ায় টাওয়ার ভ্যান সেদিকে বেশি সংখ্যায় রাখা হয়েছে। লাইনে পেট্রোলিং চলছে।” সোনারপুর, হাওড়া, বিভিন্ন ইয়ার্ডে দাঁড়িয়ে থাকা কোচগুলির চাকায় বেড়ি পরানো হয়েছে বলেও জানা গিয়েছে।
প্রসঙ্গত, গত দুই সপ্তাহের বেশি সময় ধরে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে শ্রমিক স্পেশাল ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল। পশ্চিমবঙ্গ সরকার ও শ্রমিকদের ফেরাতে রেল মন্ত্রকের সঙ্গে সমন্বয় করে বেশ কিছু ট্রেন এরাজ্যে নিয়ে এসেছে। কিন্তু সম্প্রতি আমফান ঘূর্ণিঝড়ের পরিস্থিতিতে তৈরি হওয়ায় বাংলা ও ওড়িশা কয়েকটি জোনের ট্রেন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রেল। শ্রমিকদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানাচ্ছে রেলের একটি সূত্র। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলেই আবারও পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য ট্রেন চালানো হবে বলে নিশ্চিত আশ্বাস দিয়েছে রেল মন্ত্রণালয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news