চ্যানেল হিন্দুস্তান ব্যুরো
করোনা ভাইরাসের (Cooronavirus) সংক্রমণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট করে জনমানসে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে এফআইআর দায়ের হল বিষ্ণুপুরের বিজেপি (BJP) সাংসদ সৌমিত্র খাঁয়ের (Soumitra Khan) বিরুদ্ধে। রবিবার বাঁকুড়া শহরের বাসিন্দা জনৈক জয়দীপ চ্যাটার্জী জেলা পুলিশের সাইবার ক্রাইম সেলে সাংসদ সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে করোনা নিয়ে ভুয়ো পোস্ট করে আতঙ্ক সৃষ্টির অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি স্বীকার করে সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ বার্তায় অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল সামন্ত জানিয়েছেন, “সাংসদ ভুয়ো ছবি পোস্ট করায় জনমানসে আতঙ্ক তৈরি হয়েছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।”
অভিযোগের উত্তর দিতে নিজের ফেসবুক পেজে লাইভে এসে জবাব দেন বিষ্ণুপুরের দুবারের সাংসদ। সৌমিত্র খাঁ বলেন, ‘‘উনি প্রমাণ করে দেখান কোনটা ‘ভুয়ো’।আমি কোনও ভুয়ো পোস্ট দিইনি। যা সত্যি তাই পোস্ট করেছি। এভাবে আমার মুখ বন্ধ করা যাবে না।’’ তিনি আরও বলেন, “আমি আমার ফেসবুক চেক করেছি। তাতে আমি লিখেছি, পশ্চিমবঙ্গের হাসপাতালগুলিতে মুখ্যমন্ত্রী আপনি করোনার চিকিৎসক ও নার্সদের রেনকোট দিয়েছেন। যেটা ঘটেছে আমি সেটাই লিখেছি। আর উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গে লখডাউন মানা হচ্ছে না। আপনি একজন মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী। আমি চ্যালেঞ্জ করছি পোস্টগুলো ‘ফেক’ তার আপনি প্রমান করে দেখান।” বিজেপি নেতাদের একের পর ভুয়ো কেস দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন এই বিজেপি সাংসদ। সাইবার ক্রাইমের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মামলা তিনি আদালতে দেখে নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন সৌমিত্র খাঁ।
যে পোস্ট দুটি নিয়ে বাঁকুড়া জেলার পুলিশ সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে সাইবার আইনে অভিযোগ দায়ের করেছে, তার ফেসবুক থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অনুপম হাজরার বিরুদ্ধেও একই মামলা দায়ের হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news