নিজস্ব প্রতিনিধি।
পাটুলিতে অভিনন্দন যাত্রায় হেনস্তা কাণ্ডে দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন যুবতী সুদেষ্ণা দত্তগুপ্ত। শুক্রবার সকালে পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন তিনি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। সুদেষ্ণা বলেন, “দেশের মহিলাদের অবস্থা খুবই খারাপ। গোটা দেশে প্রতি ২২ মিনিটে একজন করে মহিলা ধর্ষিত হন। দিলীপ ঘোষ আগেও এমন কুরুচিকর মন্তব্য করেছেন। তাই এতে আমি অবাক হইনি। মনুষ্যত্ব বোধই নেই দিলীপের।” তিনি আরও বলেন, “উনি আমাকে যৌন হেনস্থার হুমকির পাশাপাশি খুনের কথাও বলেছেন।”
বৃহস্পতিবার বিকেলে পাটুলিতে নাগরিক সংশোধনী আইনের সমর্থনে অভিনন্দন যাত্রা করেন দিলীপ ঘোষ। বিজেপির মিছিলের সামনে এসে সিএএ-র (CAA) বিরোধিতা করে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুদেষ্ণা দত্তগুপ্ত নামে ওই যুবতী প্রতিবাদ দেখাতে থাকেন। তাঁর হাতে থাকা সাদা প্ল্যাকার্ডে লেখা ছিল ‘নো এনআরসি, নো সিএএ’ এবং ‘দিলীপ ঘোষ গো ব্যাক’। গেরুয়া শিবিরের কর্মীরা ছুটে গিয়ে প্রতিবাদী ওই তরুণীর হাতে থাকা পোস্টার কেড়ে নিয়ে ছিঁড়ে দেয়। দ্রুতই পুলিশ এসে সরিয়ে নিয়ে যায় ওই যুবতীকে।
এই ঘটনায় ওই প্রতিবাদী তরুণীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন বিজেপি রাজ্য সভাপতি। দিলীপ ঘোষ বলেন,“ভাগ্য ভাল শুধু পোস্টার কেড়ে ছেড়ে দিয়েছে। আর তো কিছু করেনি। ওর চোদ্দ পুরুষের ভাগ্য ভাল। খবর হতে আসে না শহিদ হতে?” মেদিনীপুরের সংসদের এই বয়ানের ভিত্তিতে পাটুলি থানায় অভিযোগ দায়ের করেছেন সুদেষ্ণা দত্তগুপ্ত। তিনি যে নিরাপত্তার অভাব বোধ করছেন তাও জানিয়েছেন পুলিশ প্রশাসনকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news