চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
শুক্রবার সকালে এক ভিডিও বার্তায় সামাজিক দূরত্ব বজায় রেখে দেশের ১৩০ কোটি জনতার আগামী রবিবার রাত ৯টায় ৯ মিনিটের জন্য ঘরের বাতি নিভিয়ে বাড়ির দরজায় কিংবা ব্যালকনিতে দাঁড়িয়ে মোমবাতি, প্রদীপ, টর্চ, মোবাইলের আলো জ্বালাতে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আর তারপরেই দেশজুড়ে সব আলো নিভে গেলে পাওয়ার গ্রিড ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক (Power Ministry) নির্দেশিকা দিয়ে জানিয়ে দিল শুধুমাত্র আলো নেভানো হবে। ফ্যান, এসি-র মতো ঘরের বাকি সব বৈদ্যুতিন মাধ্যম চলবে। এছাড়া রাস্তা, হাসপাতাল, থানাতেও আলো জ্বলবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের তরফে একটি প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ৫ এপ্রিল প্রধানমন্ত্রী রাত ৯টার সময় ৯ মিনিটের জন্য বাড়ির আলো নেভানোর কথা বলেছেন। এর ফলে দেশের গ্রিড ব্যবস্থার উপর প্রভাব পড়তে পারে। তাই একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে বিদ্যুৎ মন্ত্রকের তরফে। প্রধানমন্ত্রী শুধুমাত্র আলো নেভানোর আহ্বান জানিয়েছেন। তাই ফ্যান, এসি, ফ্রিজ, কম্পিউটার, টিভি বন্ধ করার দরকার নেই। শুধুমাত্র আলো নেভালেই হল। সব স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে যাতে রাস্তার আলো বন্ধ না হয়। তাতে সাধারণ মানুষের সমস্যা হতে পারে। এছাড়া হাসপাতাল, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত বিভিন্ন দফতর, পুলিস স্টেশনের আলো জ্বালিয়ে রাখারও নির্দেশ দিয়েছে বিদ্যুৎ মন্ত্রক।
এর আগে স্টেট লোড ডেসপ্যাচ সেন্টারের কর্তারা দাবি করেন, প্রধানমন্ত্রীর কথা মতো রবিবার রাতে ৯টায় দেশের সব বাড়ির আলো নিভে যায় তাহলে বিদ্যুতের চাহিদায় বিরাট ঘাটতি দেখা দেবে। ভারতে গ্রিডগুলির ক্ষমতা হল ৩৭০ গিগাওয়াট বিদ্যুৎ ধরে রাখার, সাধারণত বিদ্যুতের চাহিদা থাকে ১৫০ গিগাওয়াট। কিন্তু বিদ্যুতের চাহিদায় ঘাটতি দেখা গেলে অতিরিক্ত বিদ্যুতের পরিমাণ অনেকটা বেড়ে যাবে। ফলে পাওয়ার গ্রিডের উপর চাপ পড়বে। আবার ৯ মিনিট পরে যখন সব বিদ্যুৎ একসঙ্গে জ্বলে উঠবে তখন সেই চাহিদার জোগান দিতে গিয়ে বিদ্যুৎ সংযোগ পদ্ধতি ভেঙে পড়তে পারে। এই আশঙ্কার পরেই তড়িঘড়ি এই সমস্যা জন্য এই নির্দেশকা জারি করেছে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news