ওয়েব ডেস্ক:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচন বিধি ভাঙেননি, জানিয়ে দিল নির্বাচন কমিশন।
উল্লেখ্য, বুধবার সকালে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের বড় সাফল্যের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এতক্ষণে অধিকাংশ ভারতবাসী জেনে গেছে, সেই অ্যান্টিস্যাটেলাইট মিশাইল ‘মিশন শক্তি’র সাফল্যের কথা। কিন্তু এই ঘোষণার পরেই কংগ্রেস সহ গোটা দেশের বিরোধী দলগুলি অভিযোগ করে, মোদি নির্বাচন বিধি ভেঙেছেন। যেহেতু আর কদিন পরেই লোকসভা নির্বাচন। সেই অভিযোগের উত্তরে নির্বাচন কমিশন অবশ্য জানিয়ে দিল, নরেন্দ্র মোদি ভোট বিধি ভাঙেননি।
একটি জাতীয় সংবাদ মাধ্যমকে নির্বাচন কমিশন স্পষ্ট করে দেয়, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কোনও ঘোষণার জন্য নির্বাচন কমিশনের অনুমতি প্রয়োজন নেই সরকারের। এমনকি ভোটের মরশুমে যখন আদর্শ আচরণ বিধি লাগু রয়েছে, তখনও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কোনও ঘোষণার জন্য সরকারের নির্বাচন কমিশনের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।
যদিও প্রধানমন্ত্রীর ঘোষণা নিয়ে চূড়ান্ত বাগযুদ্ধ শুরু করেছে বিরোধী দলগুলো। তবে প্রতিরক্ষা ক্ষেত্রে মহাকাশে ভারত মহাশক্তিধর হওয়ায় বিজ্ঞানীদের অভিনন্দন জানায় কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি। পাশাপাশি, ভোটের মুখে মোদি নিজে টিভির পর্দায় এসে এভাবে ঘোষণা করাকে কটাক্ষ করেন রাহুল গাঁধী ও মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের মতে এই ঘোষণা আসলে সুযোগ বুঝে ‘মোদির প্রচারস্বর্বস্ব নাটুকেপনা’।
উল্লেক্ষ্য, মোদির বিরুদ্ধে কমিশনে যাওয়ার কথাও জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি আদর্শ নির্বাচনী বিধি লঙ্ঘন করেছেন, মত তাঁর। যদিও নির্বাচন কমিশন এই অভিযোগকে স্বীকৃতি দিচ্ছে না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news