সূর্য সরকার।
রাজ্যের শিক্ষার ব্যবস্থার হাল ফেরাতে জেলায় জেলায় নজরদারি চালানোর সিদ্ধান্ত নিল শিক্ষা দফতর। বিকাশ ভবন সূত্রের খবর, অন্তত ১৫ দিন অন্তর ডিআই ও এসআইদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন দফতরের আধিকারিকরা। যার ফলে সামগ্রিক ব্যবস্থা আরও পরিষ্কার হবে বলেই মনে করা হচ্ছে। কারণ, নজরদারির অভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থার মান পড়ে গিয়েছে বলেই অভিযোগ উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আট বছরের জমানায়।
কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত ? শিক্ষা দফতর সূত্রের খবর, সম্প্রতিকালে সরকারি প্রকল্প বন্টনে গরমিল ধরা পড়েছে। পাশাপাশি, শিক্ষকদের বদলির ক্ষেত্রে অনেক সময় এসআই এবং ডিআইদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। শিক্ষা দফতরকে অন্ধকারে রেখেই অনেক বদলি হয়েছে বলে অভিযোগ। সেই বদলি ব্যবস্থা এবার অনলাইনে করার দিকে এগোচ্ছে দফতর যেখানে এসআই এবং ডিআইদের কোনও ভূমিকা থাকবে না। তার সঙ্গে এবার থেকে নজরদারি চালানোর সিদ্ধান্ত নিল শিক্ষা দপ্তর। ডিআই ও এসআইদের রিপোর্ট খতিয়ে দেখা হবে। রিপোর্টে ভুল থাকলে জবাবদিহি করতে হবে তাঁদের। তবে এ প্রসঙ্গে প্রকাশ্য মুখ খুলতে নারাজ শিক্ষা দফতরের কোনও কর্তা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news