চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ ও লকডাউন পর্বে কর্মসংস্থান হারানোর পরিস্থিতি, রুজি-রোজগার নেই, আমফানের তাণ্ডবে থাকার ঘরটুকুও নেই। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে তাই পুজোর কথা ভাবা নেহাত বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। শহর কলকাতায় এবারের দুর্গাপুজো (Durga Puja) কীভাবে হবে, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। কিন্তু হাজারো প্রতিকূলতার মধ্যেও পুজোর গন্ধ ছড়িয়ে পড়েছে কুমোরটুলিতে। পটুয়াপাড়া থেকে সোমবারই সপরিবার উমা পাড়ি দেবেন সূদুর মেলবোর্নে (Melbourne)। আট ফুটের ফাইবারের সিংহবাহিনী দুর্গা ও অসুর সমেত কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীকে নিয়ে রওনা হবেন জাহাজে চেপে। আর উমার এই যাত্রা ঘিরেই লক upfডাউনের কুমোরটুলিতে (Kumartuli) যেন বর্ষায় শরতের প্রবেশ।
বিদেশ থেকে আসা প্রতিমার বরাতও এবার অন্যবারের তুলনায় বেশ কম। যে সমস্ত প্রবাসীরা গত বছর নভেম্বর, ডিসেম্বরে অর্ডার দিয়েছিলেন, সেই প্রতিমায় বিদেশে পাড়ি দেওয়া শুরু করছে সোমবার। শুধু কি মেলবোর্ন? জার্মানি, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ডেও লকডাউনের (Lockdown) মধ্যেই রওনা হবে মা দুগ্গা। তাই এখন চূড়ান্ত ব্যস্ত শিল্পীরা। এবারের পরিস্থিতি একেবারে আলাদা। তাই প্রতিমা প্যাকিংয়ের সময় মা দুগ্গাকেও ভাল করে স্যানিটাইজার (Sanitatizar) মাখানো হচ্ছে। এক শিল্পীর কথায়, “আমরা যেখানে সারাক্ষণ হাত দিচ্ছি, স্যানিটাইজার লাগাচ্ছি। মা দুগ্গাই বা বাদ যাবেন কেন!” আপাতত বিদেশে পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত ফাইবারের প্রতিমা। গায়ে শাড়ি, জরির গয়না, মাথায় মুকুট। দশ হাতে দশরকমের অস্ত্র নিয়ে দশপ্রহরণধারিণী মা বিদেশ পাড়ি দেবেন খুব তাড়াতাড়ি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news