নীল রায়।
“কুছ তো লোগ কহেঙ্গে !” এভাবেই রাজ্য সরকারের প্রতি স্পষ্ট বার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। মঙ্গলবার নদীয়ার শান্তিপুরে বিজয়কৃষ্ণ গোস্বামীর বাড়ির রাস উৎসবের উদ্বোধন করতে এসে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারকে বিঁধলেন তিনি। কটাক্ষের সুরে রাজ্যপাল বলেন, ‘‘লোক তো কুছ কহেঙ্গে! এক জন মন্ত্রী তো আমাকে ‘ট্যুরিস্ট’ বলেছিলেন। তা বলে আমি কি ট্যুরিস্ট?’’ প্রসঙ্গত, রাজ্যপাল যে যেদিন উত্তরবঙ্গ সফরে গিয়ে প্রশাসনিক বৈঠক ডেকেছিলেন সেদিনই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterji) তাঁকে টুরিস্ট বলে কটাক্ষ করেছিলেন। তিনি যে এ রাজ্যের সাংবিধানিক প্রধান, এদিন কার্যত রাসমেলার মঞ্চ থেকে সেটাই বুঝিয়ে দিতে চেয়েছেন।
সোমবার রাজ্যপালের সিঙ্গুরে যাওয়া নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। প্রশ্ন তুলেছিল তৃণমূল। শাসকদলের সেই প্রশ্নের জবাবে রাজ্যপাল বলেন “আমি হঠাৎ কোথাও যাই না। বুঝেশুনেই যাই। আজও এখানে নিমন্ত্রণ পেয়েই এসেছি। রাজ্যপাল হিসাবে ভারতীয় সংবিধানকে রক্ষা করা এবং পশ্চিমবঙ্গের মানুষের সেবা করার শপথ নিয়েছি।’’
সম্প্রতি দাবি-দাওয়া পূরণের আশ্বাস দিয়েও সরকার কথা রাখেনি, এই অভিযোগে ফের পথে নেমেছেন রাজ্যের প্রাথমিক শিক্ষকদের একাংশ। রাস উৎসবের অনুষ্ঠানে এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপাল বলেন, ‘‘শিক্ষাক্ষেত্রে সন্ত্রাস ও রাজনীতি কাম্য নয়। শিক্ষকদের প্রাপ্য পাওনা উচিত। তাঁরা রাস্তায় নামলে তা কখনওই গণতন্ত্রের পক্ষে শুভ নয়।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news