চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুর ঘটনায় একদিকে যখন গোটা আমেরিকা জুড়ে বিক্ষোভ চলছে, ঠিক তখনই নিজেকে ‘আইন-শৃঙ্খলার প্রেসিডেন্ট’ বলে ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। এবং একই সঙ্গে বিক্ষোভ থামাতে আমেরিকার শহরগুলিতে সেনা মোতায়েন করার হুমকিও দিলেন।
এদিন ট্রাম্পের এই ঘোষণার সময় হোয়াইট হাউসের চারিদিকে টিভির পর্দার মতো ঘিরে দেওয়া হয়। যাতে বাইরের উত্তেজনার আঁচ হোয়াইট হাউস অবধি কোনওমতেই না পৌঁছয়। কিন্তু তারপরেও ট্রাম্প যখন হোয়াইট হাউসের ঐতিহাসিক রোজ গার্ডেনে জাতির উদ্দেশে বক্তব্য রাখছিলেন, ঠিক তখনই লাফায়েট পার্কে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ বাঁধে পুলিশকর্মীদের। এমনকি বিক্ষোভকারীদের হঠাতে পেনসিলভেনিয়া অ্যাভিনিউয়ের সামনে সৈন্যদের গাড়িও প্রস্তুত রাখা হয়।
প্রায় ৬ দিন কেটে গিয়েছে, তারপরেও আমেরিকায় উত্তেজনা না কমায় গভর্নরদের হুঙ্কার দেন ট্রাম্প। ট্রাম্পের হুঙ্কার, ন্যাশনাল গার্ড নামিয়ে গভর্নররা বিক্ষোভ বন্ধ না করলে, শান্তি রক্ষার জন্য আমি হাজার হাজার সেনা নামিয়ে দেব। একইসঙ্গে ট্রাম্প টুইট করে জানান, “আমার আমেরিকাবাসী- প্রেসিডেন্ট হিসেবে আমার প্রথম কর্তব্য হল আমাদের মহান দেশ এবং আমেরিকার বাসিন্দাদের রক্ষা করা। আমি শপথ নিয়েছি শান্তি-শৃঙ্খলা বজায় রাখার। এবং আমি সেটাই করব।”
এক সিনিয়র প্রতিরক্ষা কর্মী বলেন, বিক্ষোভ থামাতে ওয়াশিংটন থেকে পাঁচটি প্রদেশে ৬০০-৮০০ ন্যাশনাল গার্ড পাঠানো হয়েছে। ওই বাহিনী পৌঁছে গিয়েছে অথবা আজ মধ্যরাতে মধ্যে পৌঁছে যাবে। তবে গৃহ যুদ্ধের ‘পোসি কমিট্যাটাস আইন’ অনুসারে যুক্তরাষ্ট্রীয় সৈন্যরা কাউকে গ্রেপ্তার, সম্পত্তি বাজেয়াপ্ত এবং অনুসন্ধানের মতো কাজ করতে পারবে না। তবে প্রেসিডেন্ট মনে করলে ওই আইনটি তুলে নিতে পারবেন এবং সেনাবাহিনী নিজের মতো করে কাজ করবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news