চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
পশ্চিমবঙ্গবাসীর সঙ্গে ‘সংযোগ’ বাড়াতে দু’মাসব্যাপী ‘সংযোগ যাত্রা’ করবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাত্রা শুরু হবে কোচবিহার থেকে, তবে যাত্রার প্রথম দু’দিন কোনও সরকারি বাসভবনে নয়, দলের তৃণমূলস্তরের কর্মীদের সঙ্গে মাঠে তাঁবু খাটিয়ে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আগামী দু’মাস ধরে বাংলার সাধারণ মানুষের নানা অভাব-অভিযোগের কথা শুনতে, তাদের কাছে পৌঁছবেন অভিষেক। বুধবার নবান্নে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এখনও পর্যন্ত জানা যাচ্ছে, কোচবিহার থেকে শুরু হওয়া সংযোগ যাত্রা শেষ হবে দক্ষিণ ২৪ পরগনায়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে অভিষেকের এই কর্মসূচিকে সফল করতে কোচবিহারে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ২৫, ২৬ এপ্রিল সাহেবগঞ্জ এবং তুফানগঞ্জের চিলাখানা এলাকায় তাঁবু খাটিয়ে দলীয় কর্মীদের সঙ্গে রাত্রিযাপন করার কথা রয়েছে অভিষেকের।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে তৃণমূলের সংযোগ যাত্রাকে তুমুল কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। জনসংযোগ কর্মসূচির জন্য় গ্রামে গ্রামে ঘুরবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর এই গ্রাম যাত্রা কর্মসূচিকে কটাক্ষ করে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির খোঁচা, “৪০ বছর বয়সে যুবরাজ জীবনে প্রথমবার গ্রামে যাবেন। অথচ উনি গ্রামেরই প্রতিনিধি। রাহুল গান্ধী ৫০ বছরে প্রথমবার গিয়েছেন আর যুবরাজ একটু আগে শুরু করছেন।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news